পলকের ঘাড় ও কোমরের পাঁচ হাড়ে সমস্যার দাবি আইনজীবীর

পলকের ঘাড় ও কোমরের পাঁচ হাড়ে সমস্যার দাবি আইনজীবীর
১২ মে, ২০২৬ ১৫:০১  

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড়ের দুটি ও কোমরের তিনটি হাড় সরে গেছে বলে দাবি করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।

১২ মে, মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, প্রিজন ভ্যানে আহত হওয়ার ঘটনায় এমআরআই পরীক্ষার আবেদন করা হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পলকের এমআরআই করা হয়। পরে প্রাপ্ত প্রতিবেদনে কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে সমস্যা ধরা পড়ে। এছাড়া ঘাড়ের সি৫-সি৬ এবং সি৬-সি৭ ডিস্কেও জটিলতা পাওয়া গেছে বলে জানান তিনি।

এর আগে গত ২৮ এপ্রিল পলকের আরেক আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী দাবি করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে কারাগারে ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় পলক পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পান।

তবে এ অভিযোগ অস্বীকার করে কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানিয়েছিলেন, প্রিজন ভ্যান কোনো দুর্ঘটনায় পড়েনি। তার ভাষ্য অনুযায়ী, পোস্তগোলা ব্রিজ থেকে নামার সময় হার্ড ব্রেক করায় ভেতরে থাকা বন্দিদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এতে পলক সামান্য ব্যথা পান।

আইনজীবী তরিকুল ইসলাম বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বর্তমানে ঘাড় নাড়াতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আদালতে চিকিৎসার আবেদন করার কথাও জানান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট গ্রেফতার হন জুনাইদ আহমেদ পলক। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।

ডিবিটেক/বিএনটি/ইকে