জাতিসংঘ ইভেন্টে ডিপিআই গড়ার রূপরেখা উপস্থাপন

একক ডিজিটাল পরিচয় পাচ্ছে বাংলাদেশ: রেহান আসাদ

  • আগামী ১৮-২৪ মাসে এআই-নির্ভর ডিপিআই চালু করার লক্ষ্য
  • এস্তোনিয়ার এক্স-রোড মডেল অনুসরণ করছে বাংলাদেশ সরকার
  • ক্রস-বর্ডার ডিজিটাল আইডি ও ইন্টারঅপারেবিলিটিতে আন্তর্জাতিক গুরুত্বারোপ

একক ডিজিটাল পরিচয় পাচ্ছে বাংলাদেশ: রেহান আসাদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮  
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬  

ঢাকা, বুধবার (২৩ সেপ্টেম্বর): এআই-চালিত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই), বায়োমেট্রিক আইডেন্টিটি ভ্যালিডেশন এবং ইন্টারঅপারেবল ডেটা এক্সচেঞ্জ আর্কিটেকচার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে একটি একক ডিজিটাল পরিচয়ই সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ।

২২ সেপ্টেম্বর,  স্থানীয় সময় মঙ্গলবার রাতে  নিউইয়র্কে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তৃতাকালে তিনি এই রূপরেখা প্রকাশ করেন।

জাতিসংঘের মহাসচিবের প্রযুক্তিবিষয়ক দূতের কার্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে মঙ্গলবারে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও অঞ্চলের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ডিপিআইয়ের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। প্যানেলে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধিত্ব করে।

উপদেষ্টা রেহান আসাদ জানান, বাংলাদেশ ইতোমধ্যে এই ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে এবং আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে তা চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, "আমরা বিশ্বের সবচেয়ে ভালো ও নিরাপদ ডিপিআই এবং ডিজিটাল আইডি বাস্তবায়ন করতে চাই। আমরা এই যাত্রা শুরু করেছি। এতে সময় লাগবে, কোনো শর্টকাট নেই। তবে আমরা আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করছি।"

বাংলাদেশ সরকারি বিভিন্ন ব্যবস্থার মধ্যে নিরাপদে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এস্তোনিয়ার 'এক্স-রোড' (X-Road) আর্কিটেকচার নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। ইভেন্টে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও রুয়ান্ডার আঞ্চলিক ক্রস-বর্ডার ডিজিটাল সিস্টেম এবং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেটের উদাহরণ তুলে ধরে এআই ও ডিপিআইয়ের পারস্পরিক সম্পর্কের সুবিধা আলোচনা করা হয়।

রেহান আসাদ আরও বলেন, "মূল বিষয় হলো, এটি শুধু বাংলাদেশ বা এশিয়া-প্যাসিফিকের বিষয় নয়। ভবিষ্যতে ডিপিআই ও ডিজিটাল আইডি সরকারি সেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।" বিভিন্ন দেশের ব্যবস্থা যাতে নিরাপদে পরস্পরের সঙ্গে কাজ করতে পারে, সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি।
//ডিবিটেক/আইএইচ/এসএমই/এমআইএসটি//