স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ
স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। ১২ মে, মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে “বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো আন্তর্জাতিক র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছাতে পারেনি। এ অবস্থার উন্নয়নে পুঁথিগত শিক্ষার পরিবর্তে গবেষণা ও উদ্ভাবনে বেশি গুরুত্ব দিতে হবে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
তিনি আরও বলেন, পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার।
অনুষ্ঠানে নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নিয়েছেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।
যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন তারেক রহমান। সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এর সাড়ে চার মাস পর ঢাবিতে গেলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
কর্মশালায় উপস্থিত আছেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।
ডিবিটেক/এসএইচ/ইকে



