আইটি দক্ষতা ও কর্মসংস্থানে
ইউএফটিবি ও পিপলএনটেকের সমঝোতা স্মারক সই
- ইউএফটিবির শিক্ষার্থীরা পাবে পিপলএনটেকের ৬০টির বেশি কোর্সে ব্যবহারিক প্রশিক্ষণ, ল্যাব সুবিধা এবং ২০০+ প্রতিষ্ঠানের প্লেসমেন্ট সহায়তা
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পথ সুগম করতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) সাথে সংযোগের সুযোগ
শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারভিত্তিক প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি, ল্যাবভিত্তিক প্রশিক্ষণ এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং আন্তর্জাতিক আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ২১ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার দুপুর ১২টায় ইউএফটিবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।
ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেলের (এনআইসিসি) আয়োজনে এবং সেলের পরিচালক মো. তৌকির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। অন্যদিকে পিপলএনটেকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
সমঝোতা স্মারকের আওতায় ইউএফটিবির শিক্ষার্থীরা পিপলএনটেকের অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে ৬০টিরও বেশি বিশেষায়িত আইটি ও সফটওয়্যার কোর্সে হ্যান্ডস-অন প্রশিক্ষণ এবং ব্যবহারিক ল্যাব সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পখাতের উপযোগী করে গড়ে তুলতে ক্যারিয়ার কাউন্সেলিং এবং পিপলএনটেকের ২০০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠানের নেটওয়ার্কযুক্ত ডেডিকেটেড ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরি করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (WUST) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগও সম্প্রসারিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, "বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে কেবল ডিগ্রি বা তাত্ত্বিক জ্ঞান শিক্ষার্থীদের এগিয়ে নিতে পারে না। কর্মবাজারের বাস্তব চাহিদার সঙ্গে সংগতি রেখে তাদের প্রায়োগিক ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে ইউএফটিবি অ্যাকাডেমিক শিক্ষা, গবেষণা এবং শিল্পখাতের বাস্তব চাহিদার কার্যকর সেতুবন্ধনে বিশ্বাসী। পিপলএনটেকের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক মানের পেশাজীবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
//ডিবিটেক/ এসএইচআই/এসএমই//





