গোবিপ্রবির ওয়েবসাইটে নেই পর্যাপ্ত তথ্য, হয় না নিয়মিত আপডেট
গোবিপ্রবি: বিশ্বায়নের এ যুগে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষার অন্যতম মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, নিয়মিত বিজ্ঞপ্তি, অ্যাকাডেমিক বিবরণ, শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য, গবেষণাকর্ম ও ফলাফল-সবকিছুর তথ্যভাণ্ডার হিসেবে কাজ করে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মান সন্তোষজনক হলেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর ওয়েবসাইটের অবস্থা বেশ নাজুক। […] The post গোবিপ্রবির ওয়ে
গোবিপ্রবি: বিশ্বায়নের এ যুগে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষার অন্যতম মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, নিয়মিত বিজ্ঞপ্তি, অ্যাকাডেমিক বিবরণ, শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য, গবেষণাকর্ম ও ফলাফল-সবকিছুর তথ্যভাণ্ডার হিসেবে কাজ করে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মান সন্তোষজনক হলেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর ওয়েবসাইটের অবস্থা বেশ নাজুক। নেই পর্যাপ্ত তথ্য, হয় না নিয়মিত হালনাগাদ। ডিজিটাল যুগে যেখানে ওয়েবসাইটকে বলা হয় তথ্যভাণ্ডার, সেখানে গোবিপ্রবির ওয়েবসাইট যেন অনেকটাই অকার্যকর। বাইরে থেকে তথ্যসমৃদ্ধ মনে হলেও ভেতরে প্রয়োজনীয় তথ্যের বড় অভাব রয়েছে।
অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ও গবেষণাপত্রে শিক্ষকদের পদবি উল্লেখ করতে হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সহায়তা নিয়ে থাকে। কিন্তু ওয়েবসাইটে ভুল বা পুরোনো তথ্য থাকায় অনেক সময় শিক্ষকদের পদবি ভুলভাবে উল্লেখ হয়, যা নিয়ে শিক্ষকদের মনঃক্ষুণ্ন হওয়ার ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, আধুনিকায়নের অভাবে গোবিপ্রবির ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কেও পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিস্তারিত পরিচিতিও নেই। শুধু নাম, ছবি, ই-মেইল ও ফোন নম্বরেই সীমাবদ্ধ তথ্য। একজন শিক্ষক কোন বিষয়ে গবেষণা করছেন বা করেছেন, সে সম্পর্কেও কোনো তথ্য নেই। ফলে শিক্ষার্থীরা গবেষণার কাজে কোন শিক্ষকের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা পাবেন, তা নিয়ে সংশয়ে থাকেন। শিক্ষক ও কর্মকর্তাদের ব্যক্তিগত পাতার তথ্যও নিয়মিত হালনাগাদ করা হয় না। পদোন্নতি পেলেও অনেকের পদবি আগের মতোই রয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।
এছাড়া বেশিরভাগ শিক্ষকের ব্যক্তিগত তথ্য তালিকায় নেই গবেষণাপত্রের তালিকা, বিস্তারিত যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য প্রয়োজনীয় তথ্য। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা গবেষণার বিষয়বস্তু ও সম্ভাব্য সুপারভাইজার সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ওপর নির্ভর করেন। কিন্তু সেখানে পর্যাপ্ত তথ্য না থাকায় তারা নানা জটিলতায় পড়ছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিং সংস্থা প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিশ্ব র্যাংকিংয়েও পিছিয়ে পড়ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অ্যাকাডেমিক ও বিভাগীয় কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতর, নিরাপত্তা শাখা, পরিকল্পনা ও উন্নয়ন দফতর, মেডিকেল স্বাস্থ্য শাখা, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর, প্রকৌশল দফতর, শারীরিক শিক্ষা বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগসহ বিভিন্ন প্রশাসনিক শাখা। তবে এসব বিভাগের ওয়েবপেজেও একই চিত্র দেখা যায়।
গোবিপ্রবির ছাত্রকল্যাণ দফতরের ওয়েবপেজে গিয়ে দেখা যায়, সেখানে কোনো বিজ্ঞপ্তি নেই। অথচ দফতরটি থেকে নিয়মিত বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। কিন্তু তার কোনো প্রতিফলন ওয়েবসাইটে দেখা যায় না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এমন করুণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু কালাম বলেন, ‘প্রায় তথ্যহীন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট কোনো আপডেট, তথ্য, ছবি কিংবা পেজ লিংক না থাকায় এটি অনেকটাই অকার্যকর। চলমান বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফলসহ প্রয়োজনীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়ার কথা। কিন্তু তথ্য সংকটের কারণে সেটিও সম্ভব হচ্ছে ন।
বর্তমান বিশ্বে যে-কোনো প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি বহন করে তার ওয়েবসাইট। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অবস্থা অত্যন্ত বেহাল। দ্রুত এর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।’
অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন,‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্টর অনেক পিছিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সম্পর্কে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীই অবগত নয়। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তার অফিসিয়াল ওয়েবসাইট সমৃদ্ধ হতে হয়, যেন ঘরে বসেই একজন শিক্ষার্থী প্রতিষ্ঠানটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারে। কিন্তু এ দিক থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে। তাই আমরা সব তথ্যসম্বলিত একটি আধুনিক ও পরিপূর্ণ ওয়েবসাইট চাই।’
এ বিষয়ে আইসিটি সেলের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তার ভেতর দিয়ে কাজ করার চেষ্টা করেছি। প্রশাসন যে কোনো তথ্য দিলে আমরা সঙ্গে সঙ্গে আপলোড করার চেষ্টা করি। শিক্ষকদের কাছেও আমরা তথ্য চেয়েছি। আর আমাদের ওয়েবসাইট-এর নাম পরিবর্তন করা হয়েছে। একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলে কাজ সম্পন্ন করেননি। আমরা আবার নতুন করে করার জন্য চেষ্টা করছি।
এ বিষয়ে রেজিস্ট্রার মো: এনামুজ্জামান-এর সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
The post গোবিপ্রবির ওয়েবসাইটে নেই পর্যাপ্ত তথ্য, হয় না নিয়মিত আপডেট first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



