বিটিআরসি

রিটকারিদের মধ্যে দুই উপপরিচালককে ঢাকার বাইরে বদলি

রিটকারিদের মধ্যে দুই উপপরিচালককে ঢাকার বাইরে বদলি
৩১ মার্চ, ২০২৬ ২০:৪৪  

কমিশন বৈঠকের পরদিনই ঢাকার বাইরে বদলি করা হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই উপ-পরিচালককে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পরপরই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ফলে অনেকের কাছে এই বদলিকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

বিটিআরসির মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শাখা থেকে ৩১ মার্চ, মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, উপ-পরিচালক সনজিব কুমার সিংহ-কে এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট থেকে রংপুর স্পেকট্রাম মনিটরিং স্টেশনে এবং উপ-পরিচালক এস. এম. আফজাল রেজা-কে স্পেকট্রাম বিভাগ থেকে সিলেট মনিটরিং স্টেশনে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়, 'সংশ্লিষ্ট কর্মকর্তারা অনতিবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ২ এপ্রিল অপরাহ্নে তাদের ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে'।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিটিআরসির অতীতের কিছু 'অবৈধ ও বিতর্কিত' নিয়োগ ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে এই দুই কর্মকর্তা সহ আরও চারজন সম্প্রতি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। রিট দায়েরের অল্প সময়ের মধ্যেই বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকেই এটিকে প্রশাসনিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট অফিসে পদ না থাকার পরও এই বদলি প্রশ্নবিদ্ধ হতে পারে। 

একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আদালতের শরণাপন্ন হওয়ার মতো একটি বৈধ প্রক্রিয়ার পর এমন দ্রুত বদলি প্রশাসনের ভেতরে একটি ভীতি বা অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে পারে। তাদের মতে, এতে ভবিষ্যতে অনিয়মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কর্মকর্তারা নিরুৎসাহিত হতে পারেন।

একই সঙ্গে ২০০৮ সালের একটি অফিস আদেশের মাধ্যমে ৩৬৯টি পদ সৃজনের বিষয়টিও প্রশ্নের মুখে রয়েছে বলে জানা গেছে।