২১ জানুয়ারি জিপি-কে তরঙ্গ বরাদ্দ কমিটির বৈঠক

২১ জানুয়ারি জিপি-কে তরঙ্গ বরাদ্দ কমিটির বৈঠক
২১ জানুয়ারি, ২০২৬ ০৯:৪৪  

কোনো প্রতিযোগী অংশ না নেয়ায় একক ‘নিলামকারী’ গ্রামীণফোনকে ৭০০ ব্র্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিতে ২১ জানুয়ারি, বুধবার বৈঠকে বসছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) । সংস্থাটির কমিশনার মাহমুদ হোসেনের সভাপতিত্বে দুপুরে তরঙ্গ বরাদ্দ নিলামেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

দেশের টেলিকম খাতে ফোরজি ও ফাইভ-জি সেবার মান ও কভারেজ বাড়াতে  বৈঠকে ১০ শতাংশ মূল্য হ্রাস করে প্রতি মেগাহার্টজ ২৩৭ কোটি টাকা ভিত্তিমূল্য নির্ধারণ করে দেশের শীর্ষ এই অপারেটরটিকে ৭০০ ব্যান্ড থেকে ১০ মেগাহার্টজ বরাদ্দ দেয়ার সুপারিশ বিষয়ে আলোচনা হবে। বৈঠকে সকল সদস্য একমত হলে এ বিষয়ে কমিশন সভায় প্রতিবেদন দাখিল করবেন কমিটির সদস্য সচিব ও বিটিআরসি পরিচালক মোঃ নূরন্নবী। 

আগামী ২৮ জানুয়ারি কমিশন মিটিংয়ে তরঙ্গ বরাদ্দ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানাগেছে। সূত্রমতে, ৩১ জানুয়ারি নতুন করে ১০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেতে পারে গ্রামীণফোন। এ জন্য অপারেটরটিকে দুব হাজার ৩৭ কোটি টাকা তরঙ্গমূল্য পরিশোধ করতে হবে। 

তবে এককভাবে বাজারে প্রাধান্য বিস্তারকরা গ্রামীণফোনের কাছে এই লো ব্যান্ড স্পেকট্রাম বরাদ্দ দেওয়া হলে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হবে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে রবি আজিয়েটা এবং বাংলালিংক।

বিটিআরসিকে পাঠানো এক চিঠিতে রবি জানায়, নতুন হার্ডওয়্যার স্থাপন এবং দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের ব্যয়ের সঙ্গে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রস্তাবিত মূল্য যুক্ত হলে নন সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার অপারেটরদের জন্য এটি ব্যবসায়িকভাবে যুক্তিসংগত নয়। তবে মূল্য যদি দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ভবিষ্যতে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে বলে জানায় রবি। চিঠিতে গ্রামীণ কভারেজ, ভবনের ভেতরে সিগন্যাল, স্কেলের সুবিধা, প্রতি বিটে কম খরচ এবং পঞ্চম প্রজন্মের সেবা দ্রুত চালুর সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিযোগিতা বজায় রাখতে ন্যায্য স্পেকট্রাম বণ্টনের আহ্বান জানিয়ে রবি ৯০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে একযোগে ৩.৪ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেওয়ার আগের দাবিও পুনর্ব্যক্ত করেছে। বিটিআরসিকে পাঠানো পৃথক চিঠিতে বাংলালিংকও একই ধরনের উদ্বেগের কথা জানায়।

নিলামের বিরোধিতা না করলেও বাংলালিংক সতর্ক করে বলেছে, একক বিডার নিয়ে নিলাম হলে উল্লেখযোগ্য বাজারক্ষমতাসম্পন্ন একটি অপারেটরের হাতে স্পেকট্রাম কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে প্রতিযোগিতা বিকৃত হওয়া, লো ব্যান্ড স্পেকট্রাম ধারণে কাঠামোগত ভারসাম্যহীনতা সৃষ্টি হওয়া এবং দীর্ঘমেয়াদে এ খাতের টেকসই উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানায় প্রতিষ্ঠানটি।

বাংলালিংক উন্নত গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ব্যান্ডের স্পেকট্রাম নিতে আগ্রহ পুনর্ব্যক্ত করে জানায়, বর্তমানে ৮৮০ থেকে ৮৮৮ দশমিক ৪ মেগাহার্টজ রেঞ্জে প্রায় ৮ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম অবশিষ্ট রয়েছে। প্রতিষ্ঠানটি প্রশাসনিকভাবে একযোগে এই ব্যান্ড বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়ে অন্তত ৩ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম চেয়েছে, বিশেষ করে ৮৮৫ থেকে ৮৮৮ দশমিক ৪ মেগাহার্টজ রেঞ্জে।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর বিটিআরসি তাদের ওয়েবসাইটে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলামের নির্দেশিকা প্রকাশ করে। শুরুতে নিলামের তারিখ নির্ধারিত ছিল ২০২৬ সালের ১৪ জানুয়ারি, যা পরে পরিবর্তন করা হয়। সংশোধিত নির্দেশিকায় একক বিডারের ক্ষেত্রে সর্বোচ্চ স্পেকট্রাম সীমা আগের ১৫ মেগাহার্টজ থেকে কমিয়ে ১০ মেগাহার্টজ করা হয়তবে অপর দুই বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংকের মতে, বর্তমান ভিত্তিমূল্যে এই স্পেকট্রাম এখনো বাণিজ্যিকভাবে টেকসই নয়।  বাজার বিশ্লেষকদের মতে, ৭০০ ব্র্যান্ডের তরঙ্গের নিলাম যদি জিপিকে বরাদ্দ দেয়া হয়, তাহলে কমিশন সম্পূর্ণরূপে তার স্বাধীনতা চাওয়ার অধিকার খর্ব করবে

ডিবিটেক/আইএইচ/এমইউএম