রুয়েটে প্রথমবার চালু রিভার্স ওসমোসিস প্লান্ট

রুয়েটে প্রথমবার চালু রিভার্স ওসমোসিস প্লান্ট
RO water treatment plan set up at RUET
১ এপ্রিল, ২০২৬ ০০:০৯  

রাজশাহী: দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার সমাধানে প্রথমবারের মতো আধুনিক রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে  পরীক্ষামূলকভাবে ৩০ মার্চ, সোমবার এই প্লান্ট চালু করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনির্মিত ছাত্র হল-১, ছাত্র হল-২, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল (ছাত্রী হল-১) এবং ছাত্রী হল-২-এর ছাদে প্লান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতর।

প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. এইচ. এম. রাসেল জানান, উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক–এর নির্দেশনায় প্রাথমিকভাবে চারটি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলের আয়রনসমৃদ্ধ পানির সমস্যা নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এ প্রকল্প আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

রাজশাহী অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্থাপিত প্লান্টগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল নিশ্চিত করবে।

রিভার্স ওসমোসিস একটি আধুনিক পানি পরিশোধন পদ্ধতি, যেখানে বিশেষ মেমব্রেনের মাধ্যমে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ ও আয়রন অপসারণ করা হয়। ফলে পানি পানের উপযোগী হয়ে ওঠে।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে পানির মানগত সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যাবে। পাশাপাশি দ্রুতই অন্যান্য হল ও একাডেমিক ভবনেও এ সুবিধা সম্প্রসারণের প্রত্যাশা জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার এই উদ্যোগ রুয়েট ক্যাম্পাসের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। 

ডিবিটেক/বিএনও/ইকে