৩ এপ্রিলের মধ্যে দিতে হবে প্রতিবেদন
শব্দযন্ত্র বিভ্রাটে বুয়েটের দ্বারস্থ জাতীয় সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে গুরুতর প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেওয়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এ ঘটনায় সংসদে উদ্বেগ সৃষ্টি হয় এবং বিষয়টি অন্তর্ঘাতমূলক ছিল কি না তা খতিয়ে দেখতে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটির পেছনে কোনো ধরনের স্যাবোটাজ থাকতে পারে। একই সাথে সাউন্ড সিস্টেমের প্রকৃত ত্রুটি নির্ণয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞ আনার উদ্যোগ নেয়া হয়েছে। সংসদ সদস্যদের অভিযোগ অনুযায়ী বড় আকারের হেডফোন ব্যবহারে অস্বস্তি তৈরি হচ্ছে, তাই এগুলো পরিবর্তনেরও উদ্যোগ নেয়া হবে।
২৮ মার্চ, শনিবার সংসদ কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম। চিফ হুইপ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো: শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো: সাইফুল আলম এবং মো: আবুল হাসনাত অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট প্রকৌশলী, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সার্জেন্ট অ্যাট আর্মস উপস্থিত ছিলেন।
বৈঠকে শব্দযন্ত্র বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে সংসদে প্রযুক্তি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের গুরুত্ব নতুনভাবে সামনে এসেছে। বুয়েটের বিশেষজ্ঞদের সম্পৃক্তকরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সংসদের কার্যক্রমকে আরও নির্ভরযোগ্য ও আধুনিক করারওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একইসঙ্গে বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়। নির্ধারিত ফ্ল্যাটে আসবাবপত্র দ্রুত সংগ্রহ ও সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে এবং আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার এমপি ভবন সংস্কার, নিরাপত্তা জোরদার এবং শেরে-ই-বাংলা নগরের এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
এছাড়াও জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টার আধুনিকায়নের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, কার্ডিয়াক সেবা চালু, আইসিইউ অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ি সংযোজন এবং মানসম্মত ওষুধ সংগ্রহের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সাথে নতুন সংসদের সফল যাত্রা ও দেশের জনগণের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলে সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে কার্যক্রম কিছু সময় বন্ধ রাখতে হয়। বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন।
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘সাউন্ড সিস্টেমে সত্যিই কোনো নাশকতা হয়েছে কি না, আমরা তা গুরুত্ব দিয়ে দেখছি। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি শনাক্তে বুয়েটের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে চিফ হুইপ বলেন, হেডফোন নিয়ে সবার অভিযোগ। এত বড় ঢাউস একটা হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না; উল্টো কান ও মাথা গরম হয়ে যায়। এগুলো দ্রুত পরিবর্তন করা হবে।
সাউন্ড সিস্টেম সংস্কারে কেন দেরি হলো– এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ৫ আগস্টের পর দেশে নির্বাচনের পরিবেশ নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল। নির্বাচনের দিনেও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। তবে আমরা চেষ্টা করছি সবকিছু নিয়মমাফিক চালিয়ে নিতে।
ডিবিটেক/এনডও/ইকে



