হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ডাটাবেজ হচ্ছে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর ব্যক্তিগত, শিক্ষাগত এবং চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মূলত মানবসম্পদ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতেই এই ‘পারসোনাল ডাটা শিট’ (পিডিএস) প্রস্তুত করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, নির্ধারিত ফরমে ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পূরণ করে তাতে স্বাক্ষর ও ছবিসহ আগামী ৭ এপ্রিলের মধ্যে দাখিল করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন ফাইল ও শাখায় সংরক্ষিত রয়েছে। অনেক ক্ষেত্রে এসব তথ্য অসম্পূর্ণ বা হালনাগাদ নেই। এমনকি কর্মচারীদের পারিবারিক তথ্যও অনেক ক্ষেত্রে সংরক্ষিত নেই। ফলে প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই বা অনুসন্ধানে দীর্ঘ সময় লেগে যায়।
এতে আরও বলা হয়, তথ্য হাতে না থাকায় পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ এবং কল্যাণমূলক সেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে। ডিজিটাল ডাটাবেজ তৈরি হলে দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। মানবসম্পদ ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতি বাড়বে।
ডিবিটেক/এসএমএস/ইকে



