বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ সফলভাবে একটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের তত্ত্বাবধানে ভর্তি রোগীর অস্ত্রোপচারটি ইউরোলজি বিভাগ সম্পন্ন করে। ডোনার থেকে কিডনি অপসারণ দলের নেতৃত্ব দেন অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু এবং প্রতিস্থাপন সার্জারি পরিচালনা করেন অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম ও সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
রোগী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং সম্পূর্ণভাবে ডায়ালাইসিস-নির্ভর ছিলেন। চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়লে পরিবারের উদ্যোগে তাকে চলতি বছরের ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।
অস্ত্রোপচারে রোগীর মা কিডনি দান করেন। সফল সার্জারির পর মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন এবং ২৫ মার্চ হাসপাতাল ত্যাগ করেন।
চিকিৎসকরা জানান, দেশে কিডনি প্রতিস্থাপনের হার এখনো প্রয়োজনের তুলনায় কম হলেও দক্ষ জনবল ও আধুনিক চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের সফলতা ভবিষ্যতে দেশে উন্নত চিকিৎসা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ডিবিটেক/সিআই/ইকে



