আলমগীর টুমোরো ওয়েবসাইটে ৫২৫টি বার্তার মধ্যে ২৫০টির সমাধান চলছে

আলমগীর টুমোরো ওয়েবসাইটে ৫২৫টি বার্তার মধ্যে ২৫০টির সমাধান চলছে
১৬ মার্চ, ২০২৬ ১৮:০১  

জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে এবং তার রাজনৈতিক প্রতিশ্রুতি ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরতে গত ৭ জানুয়ারি alamgirfortomorrow.com নামে একটি ওয়েবসাইট খুলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১ আসনের (তার নির্বাচনী এলাকা) বাসিন্দারা চাঁদাবাজি, দখলবাজি, অপরাধ বা যেকোনো সামাজিক সমস্যার কথা সরাসরি জানতে খোলা হয় ওয়েবসাইটটি। নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর সেখানে মোট ৫২৫টি বার্তা পেয়েছেন তিনি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৫০টি বার্তা পর্যালোচনা করে সেগুলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে- আর্থিক সহায়তার আবেদন, রাস্তা-ঘাট উন্নয়ন, মসজিদ-মন্দির ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের আবেদন, চাকরি বা কর্মসংস্থানের আবেদন, চাঁদাবাজি-দুর্নীতি বা মাদক সংক্রান্ত অভিযোগ, ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা (যেমন জমি সংক্রান্ত) সমাধানের আবেদন, চিকিৎসা সহায়তার আবেদন, শিক্ষায় সহায়তার আবেদনসহ অন্যান্য বিষয়।

নির্বাচনের পর এসব আবেদনের ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত আবেদনগুলো তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ইতোমধ্যে মসজিদ-মন্দিরে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং কিছু জায়গায় কাজও শুরু হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ ও বিমানবন্দর প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প চালু করা হয়েছে এবং বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ প্রক্রিয়াও চলছে।

এছাড়াও আর্থিক সহায়তার কিছু আবেদন যাচাই-বাছাই করে কয়েকজনের জন্য সহায়তা, কর্মসংস্থান বা ছোট ব্যবসার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে অসহায় মানুষের চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযানও শুরু হয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টে তিনি লিখেছেন, দেশ গড়ার কাজে আমরা সকলে ব্যস্ত। তবে ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কথা শোনা এবং তাদের সমস্যার পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বছরের শুরুতে এই পেজ চালু করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এখানে ৫২৫টি মেসেজ এসেছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৫০টি মেসেজ পর্যালোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

তিনি আরও লেখেন, ‘টিম মির্জা আলমগীর’ প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখছে এবং যথাযথ যাচাইয়ের মাধ্যমে অধিকাংশ সমস্যার বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। তবে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় এবং অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে ঠাকুরগাঁও-১ আসনের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ এর মানুষের আস্থা, ধৈর্য ও সহযোগিতাই আমার শক্তি। আপনাদের ধৈর্য, আস্থা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ‘টিম মির্জা আলমগীর’ এর প্রতিটি সদস্যকে বিশেষ ধন্যবাদ জানাই।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন অনেকেই। সাধারণ মানুষের কথা শোনার এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন নেটিজেনরা।

ডিবিটেক/এনএ/ইকে