গ্রামীণফোন–মাস্টারকার্ড যৌথ অংশীদারিত্ব চুক্তি সই

গ্রামীণফোন–মাস্টারকার্ড যৌথ অংশীদারিত্ব চুক্তি সই
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৩৪  

দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা আরও সমৃদ্ধ করা এবং ডিজিটাল সম্পৃক্ততা জোরদার করতে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। 

এই সহযোগিতার মাধ্যমে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইলভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ের পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন সেবা চালু করবে অপারেটরটি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডিরেক্টর জাকিয়া সুলতানার উপস্থিতিতে এই চুক্তিটি সম্পাদিত হয় বলে ১৬ ফেব্রুয়ারি গ্রামীণফোনের পক্ষ থেকে জানোনো হয়েছে।

চুক্তি বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ডিজিটাল-সচেতন তরুণদের জন্য সংযোগ সেবার পাশাপাশি অর্থবহ উপযোগিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরন্তর কাজ করছে। মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারিত্ব সংযোগ, পেমেন্ট ও জীবনধারাভিত্তিক সুবিধার সমন্বয়ে উদ্ভাবনী সেবা চালুর সুযোগ তৈরি করবে, যা গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের ডিজিটাল রূপান্তরে অগ্রণী ভূমিকা রাখা গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্ব তাদের জন্য তাৎপর্যপূর্ণ। উদ্ভাবন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা এবং লাইফস্টাইলভিত্তিক সুবিধার মাধ্যমে তরুণ গ্রাহকদের ক্ষমতায়নই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।

ডিবিটেক/বিএসআর/ইএইচ