টেন মিনিট স্কুলে ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু
অনলাইন শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে বিনামূল্যে চালু হলো প্রতিদিনের লেনদেন, আয়-ব্যয় এর পরিকল্পনা, সঞ্চয়, ঋণ, বিনিয়োগ, বিমা, জরুরি তহবিল ব্যবস্থাপনা সহ আর্থিক লেনদেনে নিরাপদ থাকার উপায় বিষয়ক বিশেষ কোর্স। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় পাঁচটি মডিউলে মোট ২৫টি শিক্ষামূলক ভিডিও নিয়ে সাজানো হয়েছে কোর্সটি।
২১ অক্টোবর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেন মিনিট স্কুল এর ফেসবুক পেজে লাইভ ইভেন্টে ‘মানি জ্ঞানী: ডিজিটাল ফিন্যান্সিয়াল মাস্টারি’ কোর্সটি সম্প্রতি উদ্বোধন করা হয়। ‘টাকা, লেনদেন ও আয়-ব্যয় এর হাতেখড়ি’, ‘নিজের জন্য একটুখানি পার্সোনাল ফিন্যান্স’, ‘ডিজিটাল জগতে আর্থিক লেনদেন’, ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সিকিউরিটি’ এবং ‘সুনাগরিকদের জন্য এডভান্সড ফিন্যান্সিয়াল লিটারেসি’ – এই পাঁচটি মডিউলের কোর্স প্রশিক্ষক হিসেবে আছে আয়মান সাদিক সহ টেন মিনিট স্কুল ও বিকাশ এর এক্সপার্টরা। ভিডিও সেশনগুলোর মাধ্যমে জানার পর কতটা জানা হলো তা যাচাইয়ের জন্য রয়েছে সহজ কিছু প্রশ্ন-উত্তর পর্ব। সম্পূর্ণ ফ্রি এই কোর্সটি শেষ করার পর অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ডিজিটাল সার্টিফিকেট।







