চুয়েটে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যৌথ সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা শনিবার (১৬ মে) চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী শাহ নেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। সঞ্চালনা করেন প্রতিযোগিতার সমন্বয়কারী শিহাব জিশান।
এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬, নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা এবং প্রযুক্তিভিত্তিক সেমিনার। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. কৌশিক দেব এবং জেলা আইটি অফিসার শিমুল ভৌমিক।
আয়োজকরা জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণ শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি।
ডিবিটেক/ইআইস/এনএ



