ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদিত

ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদিত
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৮  
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৬  
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৮ শত ৬৬ কোটি ৫৫ লক্ষ ৫২ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর, বুধবার একনেক সভায় ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ অনুমোদন করা হয়। ২০২৯ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে নতুন ১৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০০ জন শিক্ষার্থীর জন্য গবেষণাগারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের সুবিধা সৃষ্টি করা সহ ৫টি ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় মোট ৮৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়।  

এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে।

একনেক সভার কার্যক্রমে অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।