দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৭ সেপ্টেম্বর, বুধবার বিকেলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে এ তথ্য দেন তিনি।
‘এবার পূজা গতবারের চেয়েও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে হবে’ জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে। কোথায় কী হবে অ্যাপের মাধ্যমে জানা যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো হামলা আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। বাইরের কথায় কান চলবেন না। গুজবে কান দেবেন না।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।
পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে নজরদারি করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ বছর পূজামণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় এবং সরকারি অনুদানও গত বছরের চেয়ে ১ কোটি টাকা বাড়ানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, গত বছর দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে ৪ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বৃদ্ধি করে ৫ কোটি টাকা করা হয়েছে। এরপরও দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আযোজনের জন্য কোনও প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের মেয়াদকালে দুর্গাপূজায় মাত্র ২ কোটি টাকা করে অনুদান দেওয়া হতো।







