অর্থবছরের প্রথম প্রান্তিকে বিএসসিপিএলসি’র আয় বেড়েছে ২৫কোটি ৬৯ লাখ টাকা
আগের বছরের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভূক্ত রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির (বিএসসিপিএলসি) আয় বেড়েছে ২৫কোটি ৬৯ লাখ টাকা।
১৩ নভেম্বর, বৃহস্পতিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ ভবনের সম্মেলন কক্ষে বিকেলে অনুষ্ঠিত ২৪৭তম বোর্ড সভায় উপস্থাপিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া এই প্রান্তিকে বিএসসিপিএলসি মোট আয় করেছে ১২২কোটি ৫৮ লাখ টাকা। কর পরবর্তী নিট মুনাফা করেছে ৬৮৫ কোটি ৮২ লাখ টাকা। এই মুনাফাও গত অর্থবছরের একই প্রান্তিকের চেয়ে দেড়গুণ বেড়েছে।
একইসঙ্গে সম্পদ মূল্য বেড়েছে ৬৮ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। শেয়ার প্রতি দর বেড়েছে ৩ টাকা ৬৭ পয়সা।
প্রতিবেদন মূল্যায়নে দেখা যায়, বিএসসিপিএলসি’র ডিলিউটেড আর্নিংস পার শেয়ার হিসাবের ক্ষেত্রে ২,০২,৯৮,১৪৪টি সম্ভাব্য শেয়ার বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে যথাক্রমে ২৪.৯৬ কোটি, ৬১.২৮ কোটি, ৩৩.০০ কোটি এবং ৩৩.০০ কোটি টাকা সরকারের পক্ষ থেকে তৃতীয় সাবমেরিন ক্যাবল সম্প্রসারণের জন্য প্রকল্প বাস্তবায়নের জন্য ইকুইটি হিসেবে প্রদান করা হয়। এই ইকুইটি বিনিয়োগের শেয়ার ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ারে ৭৫ টাকা (মূ্ল্যমান ১০ টাকা ও প্রিমিয়াম ৬৫ টাকা)। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদনের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
ডিবিটেক/আইএইচ



