কৃষি ঋণে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফের প্রস্তাব অনুমোদন

কৃষি ঋণে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফের প্রস্তাব অনুমোদন
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০০  

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী কৃষি, মৎস্য খাতে এই ছাড় দিলো সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও বেগম খালেদা জিয়ার শাসনামলে ৫ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি, বেসরকারি ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে কৃষকদের কাছে বিতরণ করা প্রায় ১,৫৫০ কোটি টাকার ঋণ এ মওকুফ কর্মসূচির আওতায় আসবে। এতে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সরকারের দাবি, এ সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ডে আরও মনোযোগ দিতে পারবেন। ঋণের কিস্তিতে যে অর্থ ব্যয় হতো, তা উন্নতমানের বীজ ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করা সম্ভব হবে। পাশাপাশি কৃষকদের ক্রেডিট রেকর্ড উন্নত হবে, ফলে ভবিষ্যতে স্বল্পসুদে ব্যাংক ঋণ গ্রহণ সহজ হবে।

এছাড়া ঋণের বোঝা কমলে কৃষকরা পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। এতে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতা কমবে বলে সরকার আশা করছে।

ডিবিটেক/এসএইচ/ইকে