আইএইএ প্রধানের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

রূপপুর পরমাণু বিদ্যুৎ দ্রুত গ্রিডে যুক্ত করা ও ক্যানসার চিকিৎসায় সহায়তার আহ্বান

  • ভিয়েনায় আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের বৈঠক
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আইএইএ-এর প্রযুক্তিগত সহযোগিতা কামনা
  • ‘Rays of Hope’ উদ্যোগের আওতায় বাংলাদেশে ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা

রূপপুর পরমাণু বিদ্যুৎ দ্রুত গ্রিডে যুক্ত করা ও ক্যানসার চিকিৎসায় সহায়তার আহ্বান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭  

অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্য ও কৃষি খাতে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশের কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ সম্প্রতি ২০২৬–২০৩২ মেয়াদের 'Country Programme Framework (CPF)' স্বাক্ষর করেছে, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করবে। এছাড়া দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যৌথ কনভেনশনে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় আইএইএ-এর ‘Rays of Hope: Cancer Care for All’ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী জানান, বাংলাদেশ ২০২৫ সালে এতে যুক্ত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় দেশে একটি সমন্বিত ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার গড়ে তোলার অগ্রাধিকার প্রকাশ করা হয়। একই সাথে নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় ‘IAEA–WHO–IMPACT Review Mission’-এর মাধ্যমে জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল্যায়নে আগ্রহ ব্যক্ত করেন মন্ত্রী।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
 //ডিবিটেক/এএএম/এসএমই/এমআইএসটি//