কৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রী
১৭ মে, ২০২৬ ২২:৩২  

দেশের কৃষি সেচ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে সৌরবিদ্যুৎ বা সোলারের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি বছর থেকেই এর বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

১৭ মে, রবিবার রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আন্তর্জাতিক কৃষি গবেষণা পরামর্শক কমিটির ১০ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়ে কৃষিমন্ত্রী বলেন, "খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণসহ প্রতিটি পর্যায়ে আমাদের কড়া নজর রাখতে হবে। খাদ্যের মধ্যে কোনোভাবেই যেন হেভি মেটাল বা ভারী ধাতু প্রবেশ না করে, তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।"

বাংলাদেশের মাটি ও আবহাওয়াকে কৃষির জন্য অত্যন্ত অনুকূল উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের খাদ্য উৎপাদনের একটি অন্যতম 'হাব' বা কেন্দ্র হতে পারে। তিনি যোগ করেন, "আমাদের কৃষিকে রপ্তানিমুখী করার বিশাল সম্ভাবনা রয়েছে। যতক্ষণ না কৃষি একটি প্রধান রপ্তানি পণ্য হিসেবে দাঁড়াচ্ছে, ততক্ষণ দেশের অর্থনীতি পুরোপুরি স্থির বা শক্তিশালী হবে না।"

জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমানোর জন্য গবেষকদের বিশদভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি সতর্ক করে বলেন, সারের অতিব্যবহার পরিবেশ, জমি এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এই ক্ষতিকর প্রবণতা থেকে আমাদের দ্রুত বের হয়ে আসতে হবে।

বিএআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সিজিআইএআর পরামর্শক কমিটির চেয়ারপারসন ড. আবদুছ ছালামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ। এছাড়া বিভিন্ন অংশীজন ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

ডিবিটেক/আরই/এমআই