ঠাকুরগাঁওয়ে সারের জন্য মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সারের জন্য মানববন্ধন
১২ অক্টোবর, ২০২৫ ১৯:২৪  

২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ খুচরা ব্যবসায়ীদের দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামতো সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। 

সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে ১২ অক্টোবর, রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের সার দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। 

উপজেলা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলামসহ বক্তারা অভিযোগ করেন, চলতি মৌসুমে আলু, গম ভুট্টাসহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা। কৃষকের প্রয়োজন মতো খোলা বাজার থেকে সার ক্রয় করতো। কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সার সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।  

এমন পরিস্থিতিতে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি পূরণ না হলে অবিলম্বে তা কার্যকর না হলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।

বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতার মাধ্যমে সার প্রদান করলে প্রকৃত কৃষকদের কোন রকম হয়রানি হতে হবে না। অবিলম্বে সরকারের প্রতি খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের সার দেওয়ার দাবি জানান। 

মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা ইয়াকুব আলী, মিজানুর রহমান, মিস্টার, নাসিরুল, কৃষক সাদেকুল। মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক হাসান আলী।