১.৯ বিলিয়ন ডলারে সেমরাশ কিনছে অ্যাডোবি

১.৯ বিলিয়ন ডলারে সেমরাশ কিনছে অ্যাডোবি
২০ নভেম্বর, ২০২৫ ০৯:৪০  

অ্যাডোবি ঘোষণা করেছে যে তারা প্রায় ১.৯ বিলিয়ন ডলারে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন প্রতিষ্ঠান সেমরাশ অধিগ্রহণ করতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সেমরাশের প্রতি শেয়ার ১২ ডলার দামে কিনবে, যা আগের দিনের ৬.৮৯ ডলার সমাপনী দামের প্রায় দ্বিগুণ। গত মঙ্গলবারের বাজারমূল্য অনুযায়ী সেমরাশের মূল্য ছিল প্রায় ১ বিলিয়ন ডলার। খবর টেকক্রাঞ্চ।

এই অধিগ্রহণের মাধ্যমে অ্যাডোবি আশা করছে যে ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট এবং কনটেন্টকে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর টুলে দৃশ্যমান করার জন্য বিনিয়োগ করবে। 

বর্তমানে মানুষ সংবাদ জানা, রেসিপি খোঁজা, কেনাকাটা কিংবা ভ্রমণ বুকিং—সব ক্ষেত্রেই জেনারেটিভ এআই ব্রাউজার, এজেন্ট ও চ্যাটবট ব্যবহার করছে। এর ফলে প্রচলিত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের পাশাপাশি এআই–ভিত্তিক নতুন বাজার দ্রুত বিস্তৃত হচ্ছে।

অ্যাডোবির তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত জেনারেটিভ এআই চ্যাটবট থেকে খুচরা বিক্রেতাদের ওয়েবসাইটে আসা ভিজিট আগের বছরের তুলনায় ১,২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেমরাশ সম্প্রতি “জেনারেটিভ ইঞ্জিন অপ্টিমাইজেশন” ধারণায় বিনিয়োগ বাড়িয়েছে এবং একটি নতুন টুল চালু করেছে, যা প্রচলিত এসইও কৌশলের পাশাপাশি চ্যাটজিপিটি, ক্লুড, কোপাইলট, গ্রোক ও পারপ্লেক্সিটির মতো এআই ইঞ্জিনের জন্য ওয়েবসাইট অপ্টিমাইজ করতে সহায়তা করে।

অ্যাডোবির ডিজিটাল এক্সপেরিয়েন্স ব্যবসার প্রেসিডেন্ট অনিল চক্রবর্তী বলেন, “জেনারেটিভ এআই ব্র্যান্ড দৃশ্যমানতার (ভিজিবিলিটি) নতুন যুগ তৈরি করছে। সেমরাশ যুক্ত হওয়ায় বিপণনকারীরা নতুন প্রবৃদ্ধির পথ পাবে, যা তাদের দৃশ্যমানতা, ব্যবহারকারী সম্পৃক্ততা এবং রূপান্তর বৃদ্ধিতে সহায়তা করবে।”

ডিবিটেক/বিএমটি