নিরাপদ নেটওয়ার্ক ও ডিজিটাল রূপান্তর নিয়ে আইটি নেতাদের মতবিনিময়
ঢাকায় প্রযুক্তি নেতাদের মিলনমেলা
দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘আইটি লিডার কনফারেন্স ২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের (বিআইটিপিএফসি) আয়োজনে বৃহস্পতিবার, ১৩ আগস্ট বনানীর একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নেটওয়ার্কিং ব্র্যান্ড রুইজি ও রেইই-এর সহযোগিতায় আয়োজিত সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ আইটি নেতা, প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা, আইএসপি উদ্যোক্তা, নেটওয়ার্কিং ও সাইবার নিরাপত্তা পেশাজীবীসহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা অংশ নেন।
সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান পরিস্থিতি, ডিজিটাল রূপান্তর, নিরাপদ নেটওয়ার্ক অবকাঠামো, সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা, প্রযুক্তি উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তি ব্যবস্থাপনার বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে রুইজি রাউটারের বিশেষ প্রযুক্তিগত প্রদর্শন। এতে আধুনিক ব্যবসায়িক ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে রুইজি রাউটারের প্রযুক্তিগত সক্ষমতা, উন্নত নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন উচ্চমানের সেবা দেওয়ার বিভিন্ন দিক ব্যবহারিকভাবে তুলে ধরা হয়। প্রযুক্তিগত প্রদর্শনটি উপস্থিত প্রযুক্তিবিদদের মধ্যে আগ্রহ তৈরি করে।
সম্মেলনে বিআইটিপিএফসির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সালেহ মোবিন, সহসভাপতি মো. আরিফ, অংশীদারিত্ববিষয়ক সম্পাদক সোহেল সিকদার, অনুষ্ঠান ও কর্মসূচিবিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন এবং সদস্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন সুজন।
এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্য কাজী শামসুল আরেফিন, মোহাম্মদ সাইদুর রহমান, মো. জিয়াউর রহমান, শারমিন খান উর্মি, সামিউল হক সুমন, মো. এজাজুল ইসলাম ও মো. শাইদুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষে অনুষ্ঠানে অংশ নেন রুইজি নেটওয়ার্কসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার কার্ল, রিজিওনাল পোস্ট-সেলস ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আকাশ, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর হাসান এবং রুইজি পণ্যের প্রোডাক্ট ম্যানেজার মো. হযরত আলী।
আয়োজকেরা জানান, প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি করাই সম্মেলনের মূল লক্ষ্য। তাঁদের মতে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি পরিবেশে আইটি নেতৃত্ব, নিরাপদ নেটওয়ার্ক অবকাঠামো ও সাইবার নিরাপত্তা বিষয়ে পেশাজীবীদের মধ্যে নিয়মিত জ্ঞান বিনিময় গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতেও প্রযুক্তি খাতের পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ ধরনের জ্ঞানভিত্তিক ও নেটওয়ার্কিং কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকেরা।
‘নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় ও সহযোগিতা’র মাধ্যমে দেশের প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি হয়।
//ডিবিটেক/ এসএসই/ এমআইএস//





