কুইজ খেলে প্রতিদিন নগদ অর্থসহ আইফোন ১৭ প্রো ম্যাক্স ও বাইক জেতার সুযোগ
বিশ্বকাপে অনলাইন কুইজ প্ল্যাটফর্ম ‘ফুটবল সিগমা’ চালু
ফিফা ফুটবল বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের ফুটবলপ্রেমীদের জন্য মোবাইল আর্থিক সেবা বিকাশ এবং দৈনিক প্রথম আলো যৌথভাবে চালু করেছে বিশেষ কুইজ প্ল্যাটফর্ম ‘ফুটবল সিগমা’। বিশ্বকাপ চলাকালীন সময়ে ফুটবলভক্তরা সরাসরি ‘footballsigmabd.com’ ওয়েবসাইটে গিয়ে অথবা বিকাশ অ্যাপের ‘সাজেশন’ সেকশন থেকে এই প্ল্যাটফর্মে অংশ নিতে পারবেন। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন ১১ জন বিজয়ী ১,০০০ টাকা করে নগদ পুরস্কার জিতে নিতে পারবেন।
প্রতিদিনের লিডারবোর্ডের শীর্ষ ১১ জনের এই পুরস্কারের অর্থ প্রথম আলোর পক্ষ থেকে বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। প্রতিদিনের পুরস্কার ছাড়াও পুরো টুর্নামেন্টকে তিনটি ধাপে ভাগ করে সর্বোচ্চ স্কোরারদের জন্য রয়েছে ইলেকট্রিক বাইক, এলইডি টেলিভিশন এবং গ্র্যান্ড প্রাইজ হিসেবে আইফোন ১৭ প্রো ম্যাক্স।
কুইজ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দুইজন পাবেন একটি করে ইলেকট্রিক বাইক। রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ শেষে দ্বিতীয় ধাপের শীর্ষ দুইজন পাবেন একটি করে এলইডি টেলিভিশন। আর পুরো টুর্নামেন্ট জুড়ে তিন ধাপ মিলিয়ে সামগ্রিকভাবে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী পাবেন গ্র্যান্ড প্রাইজ আইফোন ১৭ প্রো ম্যাক্স।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন নতুন নতুন ফুটবল কুইজ উন্মুক্ত করা হবে, যার মধ্যে ফুটবলের ইতিহাস, কিংবদন্তি খেলোয়াড়, রেকর্ড ও স্মরণীয় মুহূর্ত নিয়ে প্রশ্ন থাকবে। একজন প্রতিযোগী প্রতিদিন সর্বোচ্চ দুইবার কুইজে অংশ নিতে পারবেন এবং প্রতি সঠিক উত্তরের জন্য ১০ পয়েন্ট পাবেন। পয়েন্ট সমান হলে কম সময়ে কুইজ সম্পন্নকারী লিডারবোর্ডে এগিয়ে থাকবেন। কুইজে অংশ নিতে ব্যবহারকারীদের বিকাশ নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন এবং নাম ও প্রিয় দলের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
//ডিবিটেক/এসআই/এমআই//





