সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক ভিডিও ভাইরাল: অধ্যক্ষকে স্মারকলিপি
চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ধারণকৃত কিছু টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওগুলোতে শিক্ষার্থীদের অবাধ মেলামেশা ও অশালীন অঙ্গভঙ্গি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রেক্ষিতে ১৯ এপ্রিল, রবিবার দুপুর ২টার দিকে মাদ্রাসার অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা। এসসয় শিবিরের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক শরীফুল ইসলাম এবং সাতকানিয়া উত্তর থানা সভাপতি মনজুর মৌলা কায়েসসহ মাদ্রাসার গভর্নিং বডির কয়েকজন শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আদর্শের সাথে এই ধরনের আচরণ সম্পূর্ণ সাংঘর্ষিক এবং এটি সচেতন মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ, ভবিষ্যতে অনুষ্ঠান আয়োজনে কঠোর নীতিমালা প্রণয়ন এবং ছাত্র-ছাত্রীদের অবাধ মেলামেশা রোধে কার্যকর তদারকি নিশ্চিত করার জন্য ৬ দফা দাবি জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ জোরদারে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে সচেতনতামূলক সভা আয়োজনেরও প্রস্তাব দেওয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো হয়েছে। খুব শীঘ্রই মাদ্রাসার গভর্নিং বডির সভায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডিবিটেক/কেটি/ইকে





