জেন জি-কেন্দ্রিক ফিনটেক অ্যাপ ‘স্টেপ’ কিনলেন মিস্টার বিস্ট

জেন জি-কেন্দ্রিক ফিনটেক অ্যাপ ‘স্টেপ’ কিনলেন মিস্টার বিস্ট
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০০  

ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্টের প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজ কিশোর ও তরুণদের জন্য তৈরি ফিনটেক অ্যাপ ‘স্টেপ’ অধিগ্রহণ করেছে। সোমবার এ ঘোষণা দেন মিস্টার বিস্ট, যার প্রকৃত নাম জিমি ডোনাল্ডসন। খবর টেকক্রাঞ্চ।

জেন জি প্রজন্মকে লক্ষ্য করে আর্থিক সেবা দেওয়া স্টেপ এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে এবং এর ব্যবহারকারী সংখ্যা সাত মিলিয়নের বেশি। ক্রেডিট গঠন, সঞ্চয় ও বিনিয়োগে সহায়তার জন্য পরিচিত এই অ্যাপে বিনিয়োগ করেছেন চার্লি ডি’আমেলিও, উইল স্মিথ, দ্য চেইনস্মোকার্স ও স্টিফেন কারির মতো তারকারা। পাশাপাশি জেনারেল ক্যাটালিস্ট, কোটু ও স্ট্রাইপের মতো প্রতিষ্ঠানও এতে বিনিয়োগ করেছে।

মিস্টার বিস্ট বলেন, শৈশবে বিনিয়োগ বা অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে তাঁকে কেউ শেখায়নি। তাই তরুণদের জন্য একটি শক্ত আর্থিক ভিত্তি গড়ে দিতে তিনি এই উদ্যোগে যুক্ত হয়েছেন। বিশ্লেষকদের মতে, জেন জি প্রজন্মের কাছে পৌঁছাতে স্টেপের জন্য মিস্টার বিস্টের সঙ্গে অংশীদারিত্ব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বিস্ট ইন্ডাস্ট্রিজের ব্যবসা ইউটিউব আয়ের বাইরে বহুমুখী। এর মধ্যে চকোলেট ব্র্যান্ড ‘ফিস্টেবলস’ সবচেয়ে লাভজনক উদ্যোগ হিসেবে পরিচিত। স্টেপের প্রধান নির্বাহী সিজে ম্যাকডোনাল্ড বলেন, এই অধিগ্রহণের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা আনার সুযোগ তৈরি হবে।

ডিবিটেক/বিএমটি