নগদ ও নগদ ইসলামিকে জাকাত ও অনুদান সুবিধা চালু
পবিত্র রমজান মাসে সওয়াবের প্রত্যাশায় মানুষের দান-সদকা ও জাকাত প্রদানের হার অন্যান্য সময়ের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এমন বাস্তবতায় বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে জাকাত ও আর্তমানবতার সেবায় আর্থিক অনুদান দেওয়ার সুবিধা দিচ্ছে মোবাইল আর্থিক সেবা নগদ এবং নগদ ইসলামিক।
১০ মার্চ, মঙ্গলবার ফিনটেক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন নগদ অ্যাপ ও ইউএসএসডি (*167#) কোড ডায়াল করে অর্ধশত প্রতিষ্ঠানে গ্রাহকেরা তাদের জাকাত ও অনুদানের অর্থ পাঠাতে পারছেন। এছাড়াও নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকেরা খুব সহজে তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ ও ঋণের তথ্য দিয়ে জাকাতের সঠিক পরিমাণ হিসাব করতে পারছেন।
স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপের ‘ডোনেশন’ অপশনে গিয়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল মারকাযুল ইসলামী, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ও সাজিদা ফাউন্ডেশনসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।
এ বিষয়ে নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে জাকাত প্রদান অন্যতম ফরজ দায়িত্ব। রমজান মাসে জাকাত আদায় করা সবচেয়ে উত্তম। নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে স্বচ্ছতার সাথে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ পাঠিয়ে দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এটি একটি বড় সুযোগ। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে যারা সঠিক জায়গায় অনুদান পৌঁছাতে পারেন না, তাদের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটি একটি নির্ভরযোগ্য মাধ্যম।
লেনদেনের পাশাপাশি ইসলামিক জীবন বিধান প্রতিপালনের নানা ফিচার যুক্ত থাকায় গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে নগদ ইসলামিক। এই অ্যাপের মাধ্যমে রমজান মাসে হজ ও উমরাহর পেমেন্ট, ইসলামিক জীবন বীমার কিস্তি পরিশোধ ছাড়াও রোজা ও নামাজের সময়সূচি এবং বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠের সুবিধাও পাওয়া যাচ্ছে।
ডিবিটেক/এসআই/এমইউএম







