টিকটকে পরিচয়, ইমোতে ঘনিষ্ঠ হয়ে অর্থ হাতিয়ে গ্রেফতার
টিকটকে পরিচয় ও সখ্যতা গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৭ জুলাই, সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
আটক ব্যক্তিকে মিডিয়ার সামনে হাজির করে ৮ জুলাই (মঙ্গলবার) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত শোয়াইবের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে শোয়াইব ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং ব্ল্যাকমেইল করে আট লাখ টাকা আদায় করেন।
তিনি আরো জানান, পরে আরও অর্থ দাবি করলে এবং ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত শোয়াইব ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভুক্তভোগী গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ৭ জুলাই মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
০৮-জুলাই/ডিজিবিটেক/এনএইচটি







