সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার
নিজেদের ম্যানেজড রিস্ক পরিষেবায় ইন্টারনাল অ্যাটাক সারফেস ম্যানেজমেন্ট (আইএএসএম) যুক্ত করলো সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। ‘সফোস ম্যানেজড রিস্ক’ পরিষেবায় যুক্ত করা এই ফিচারটিতে ব্যবহার করা হয়েছে টেনেবল (Tenable)-এর প্রযুক্তি।
২০ জুলাই, রবিবার সফোস জানায়, অনেক প্রতিষ্ঠানই বুঝতে পারেনা যে তাদের সিস্টেমের কোথায় কোথায় দুর্বলতা আছে। নতুন এই ফিচারের সাহায্যে প্রতিষ্ঠানগুলোর সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটিগুলো শনাক্ত করা যাবে। সফোসের ‘স্টেট অফ র্যানসমওয়্যার ২০২৫’ রিপোর্টের অনুযায়ী, গত এক বছরে র্যানসমওয়্যার হামলায় শিকার হওয়া ৪০ শতাংশ প্রতিষ্ঠান নিজস্ব সিস্টেমে ঝুঁকি থাকার কারণে আক্রমণের শিকার হয়েছে। এই সমস্যা সমাধানে সফোস ম্যানেজড রিস্ক এখন এক্সটারনাল ও ইন্টারনাল—দুই দিক থেকেই প্রতিষ্ঠানের সাইবার হামলা হওয়ার মতো সম্ভাব্য জায়গাগুলোর ওপর নজর রাখবে।
আইএএসএম ফিচার যুক্ত সফোস ম্যানেজড রিস্ক পরিষেবার সুবিধা বিষয়ে জানানো হয়েছে— এতে কোনো ক্রেডেনশিয়াল বা বিশেষ অ্যাক্সেস ছাড়াই একজন বাইরের হ্যাকারের মতো করে সিস্টেমের ঝুঁকি বা সমস্যা বিশ্লেষণ করা যায়। এভাবে প্রতিষ্ঠানগুলো তাদের সিস্টেমে কোন খাতে দুর্বলতা রয়েছে আগে থেকে জানতে সক্ষম হবে।







