নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে জনপ্রিয় বিউটি সার্ভিস প্রোভাইডার রমণী-র সাথে অংশীদারিত্ব করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই উদ্যোগের মাধ্যমে রমণী-র নারী কর্মীরা নিজেদের পেশার বাইরে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। ১৩ এপ্রিল, সোমবার চুক্তি নিয়ে অপারেটরটি জানিয়েছে, চুক্তির আওতায় রমণীর কর্মীরা স্মার্টফোন ব্যবহার করে বাংলালিংক পাওয়ার অ্যাপের মাধ্যমে ডিজিটাল রিচার্জ বিক্রি করতে পারবেন। রিচার্জ বিক্রি করে কমিশন অর্জনের পাশাপাশি তারা ডিজিটাল দক্ষতা ও নিরাপদভাবে ডিজিটাল টুল ব্যবহারের সক্ষমতা অর্জন করবেন।
সূত্রমতে, বাংলালিংক পাওয়ার অ্যাপ একটি সামাজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যেখানে কোনো প্রাথমিক খরচ ছাড়াই রিচার্জ বিক্রি করে আয় করা যায়। ব্যবহারকারীরা ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে রিয়েল-টাইমে কমিশন ও রিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন।
বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, রমণীর কর্মীরা ইতোমধ্যে তাদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা চাই তারা ডিজিটাল দক্ষতা ব্যবহার করে আরও সাফল্য অর্জন করুন। বাংলালিংক পাওয়ার তাদের জন্য আয়ের বাস্তবসম্মত সুযোগ তৈরি করবে।
রমণীর সিইও আরমিন জামান খান বলেন, এই অংশীদারিত্ব আমাদের সেবাদানকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তারা নিজেদের সেবার পরিধি বৃদ্ধি করতে পারবেন এবং আয় বাড়াতে পারবেন।
অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান, মো. খালেদুল হাসান এবং মোহাম্মদ তাহমিদুর রহমান। রমণীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও আরমিন জামান খান এবং নাশিবা সামারাত।
ডিবিটেক/এএইচসি/ইএমকে







