করপোরেট নেতৃত্বের উৎকর্ষে বার্ষিক স্বীকৃতি

সি–স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ নির্বাহী

  • ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ নির্বাহী সম্মানিত।
  • ৯৭টি মনোনয়ন থেকে কঠোর মূল্যায়নে নির্বাচিত বিজয়ীরা।
  • একই আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দশম লিডারশিপ সামিট।

সি–স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ নির্বাহী
২৪ নভেম্বর, ২০২৬ ১১:২৫  

দেশের করপোরেট নেতৃত্বে উৎকর্ষ, কৌশলগত দূরদৃষ্টি ও বাস্তবায়ন সক্ষমতার স্বীকৃতি হিসেবে ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে ২২টি ক্যাটাগরিতে তাদের এ সম্মাননা দেওয়া হয়। এবারের আয়োজনে ৯৭টি মনোনয়ন থেকে বিশেষায়িত কাউন্সিল বোর্ডের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

একই দিনে অনুষ্ঠিত হয় দশম লিডারশিপ সামিট। ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই ফ্ল্যাগশিপ উদ্যোগ আয়োজনে পরিবেশক ছিল ইউনাইটেড গ্রুপ। সঞ্চালনায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতা করে নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের নেতৃত্বের মানই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। আজ যাঁদের সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁরা দেখিয়েছেন যে নতুন করে ভাবার সাহস ও কাজ বাস্তবায়নের শৃঙ্খলা ছাড়া দূরদৃষ্টি অর্থবহ হয় না। সি–স্যুট অ্যাওয়ার্ডস তাঁদের অর্জনকে স্বীকৃতি দেয় এবং আগামী দিনের করপোরেট নেতৃত্বের মানদণ্ড নির্ধারণ করে।”

এ বছর সম্মাননার জন্য মোট ৯৭টি মনোনয়ন জমা পড়ে। স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চমানসম্পন্ন মূল্যায়ন নিশ্চিত করতে একটি কঠোর বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়। বিশেষায়িত কাউন্সিল বোর্ড এই প্রক্রিয়া পরিচালনা করে। করপোরেট নেতৃত্ব, ব্যবসায় শিক্ষা, কৌশলগত পরামর্শ ও অর্থনৈতিক নীতিতে অভিজ্ঞ পেশাজীবীরা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস দেশের করপোরেট উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ আয়োজন এমন নেতাদের তুলে ধরে, যাঁরা ব্যবসায়িক ফলাফল অর্জনের পাশাপাশি বাংলাদেশের করপোরেট নেতৃত্বে নতুন মানদণ্ড তৈরি করছেন।

দিনের শুরুতে একই ভেন্যুতে অনুষ্ঠিত দশম লিডারশিপ সামিটে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব, ব্যবসায়িক রূপান্তর এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল চারটি কিনোট সেশন, একটি ফায়ারসাইড কনভারসেশন, একটি কেইস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা এবং একটি ইন্টারঅ্যাকটিভ সেশন।

কিনোট সেশনে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর, চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের কো-প্রেসিডেন্ট ও গ্লোবাল অ্যাডভাইজার এবং কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন প্রফেসর দীপক সি. জৈন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানগুলোর নিজেদের নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ট্রু করপোরেশনের গ্রুপ সিইও, টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সিইও, চারোন পোকফান্ড গ্রুপ কোম্পানি লিমিটেডের টেলিকম ও ডিজিটাল বিজনেস গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপের টেক, টেলিকম ও ডিজিটাল বিজনেসের এক্সিকিউটিভ চেয়ারম্যান সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করেন।

এল ক্যাটারটন ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান সঞ্জীব মেহতা বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি এয়ার ইন্ডিয়া, ড্যানোন ও ড. রেড্ডি’স ল্যাবের নন-এক্সিকিউটিভ বোর্ড সদস্য। এর আগে তিনি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের চেয়ারম্যান, ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট এবং ইউনিলিভার গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ারের একান্ত ফায়ারসাইড কনভারসেশন। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা ভাগ করে নেন।

প্যানেল আলোচনা ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, সংকটে থাকা ব্যবসাকে ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দায়িত্বশীল ও দক্ষ দল গঠনের উপায় নিয়ে আলোচনা হয়।

লিডারশিপ সামিট ও সি–স্যুট অ্যাওয়ার্ডসের আয়োজনের মধ্য দিয়ে একটি বার্তা উঠে আসে—বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে। দিনব্যাপী আলোচনা ও সম্মাননা পর্বে স্পষ্টতা, সাহস ও জবাবদিহিতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

দশম লিডারশিপ সামিট ও পঞ্চম বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এর পরিবেশক ছিল ইউনাইটেড গ্রুপ। সঞ্চালনায় ছিল এআইইউবি ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগী ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সমর্থক হিসেবে ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রয়্যাল এনফিল্ড। কৌশলগত অংশীদার ছিল গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স। অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস। জ্ঞানবিষয়ক অংশীদার ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি)।

এ ছাড়া আতিথেয়তা অংশীদার লা মেরিডিয়ান ঢাকা, জনসংযোগ অংশীদার ব্যাকপেজ পিআর, উদ্ভাবন অংশীদার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং একাডেমিক অংশীদার লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট ও বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগ।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//