নিখোঁজের ৩ দিন পর মিলল অটোভ্যানচালকের মরদেহ

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর আব্দুর রাজ্জাক (৫০) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সমেশপুর তিন মাথার মোড়সংলগ্ন একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক মাটিচাপা অবস্থায় ছিল। তবে তার সঙ্গে থাকা অটোভ্যানটির কোনো সন্ধান মেলেনি। নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার […] The post নিখোঁজের ৩ দিন পর মিলল অটোভ্যানচালকের মরদেহ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিখোঁজের ৩ দিন পর মিলল অটোভ্যানচালকের মরদেহ
১০ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর আব্দুর রাজ্জাক (৫০) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সমেশপুর তিন মাথার মোড়সংলগ্ন একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক মাটিচাপা অবস্থায় ছিল। তবে তার সঙ্গে থাকা অটোভ্যানটির কোনো সন্ধান মেলেনি।

নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ পুনর্বাসন গ্রামের বাসিন্দা। তিনি মৃত হারু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আসরের নামাজের পর প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার স্থানীয় লোকজন সমেশপুর তিন মাথার মোড়ের কিছুটা সামনে একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বেলকুচি থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার তদন্ত কর্মকর্তা জহুরুল হক ও উপপরিদর্শক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে মো. রাসেল মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। নিহতের দুই বোন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের দড়ি ও নিহতের স্যান্ডেল পাওয়া গেছে।

নিহতকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং নিখোঁজ অটোভ্যানটি উদ্ধারে পুলিশ তদন্ত করছে।

The post নিখোঁজের ৩ দিন পর মিলল অটোভ্যানচালকের মরদেহ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.