বিক্রয় ডটকম কিনে নিল আন্তর্জাতিক মার্কেটপ্লেস জিজি
বাংলাদেশের অনলাইন ক্লাসিফায়েড ও ডিজিটাল কেনাবেচার বাজারে নতুন পরিবর্তন এনেছে আন্তর্জাতিক মার্কেটপ্লেস জিজি (Jiji)। ইউক্রেনীয় উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দেশের জনপ্রিয় ডিজিটাল লিস্টিং প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম (Bikroy.com) অধিগ্রহণ করেছে। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাত্র ১৩ মাসের মধ্যেই এই বড় অধিগ্রহণের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করল জিজি।
লাগোসভিত্তিক জিজি ২০২৫ সালের মার্চে ‘jiji-bd.com’ নামে বাংলাদেশে যাত্রা শুরু করে। আফ্রিকার নয়টি দেশে কার্যক্রম পরিচালনার পর বাংলাদেশই মহাদেশটির বাইরে তাদের প্রথম বাজার। জিজির সহ-প্রতিষ্ঠাতা আন্তন ভলিয়ানস্কি জানান, বাংলাদেশের দ্রুত বিস্তৃত ডিজিটাল অর্থনীতি এবং বিক্রয় ডটকমের বড় গ্রাহকভিত্তি তাদের এই বিনিয়োগে আগ্রহী করেছে।
চুক্তি অনুযায়ী, বিক্রয় ডটকম আপাতত নিজস্ব ব্র্যান্ড নামেই পরিচালিত হবে। তবে ধাপে ধাপে এতে জিজির প্রযুক্তিগত অবকাঠামো যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে উন্নত রিকমেন্ডেশন ইঞ্জিন, আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থা এবং মানিটাইজেশন টুলস। যদিও অধিগ্রহণের আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি, প্রতিষ্ঠানটি জানিয়েছে নিজস্ব তহবিল ও শেয়ারহোল্ডারদের সহায়তায় এ বিনিয়োগ করা হয়েছে।
২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডটকম দীর্ঘদিন ধরে যানবাহন, রিয়েল এস্টেট, ইলেকট্রনিক্স ও চাকরির বিজ্ঞাপনের জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তাদের অ্যাপ এক কোটির বেশি বার ডাউনলোড হয়েছে এবং প্রতি মাসে প্রায় ৩০ লাখ ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে অনলাইন কেনাবেচার বাজারে ফেসবুকভিত্তিক কমার্স এবং গ্রাহক আস্থার সংকট বড় চ্যালেঞ্জ। তবে আফ্রিকার বাজারে জিজির অভিজ্ঞতা স্থানীয় বাজারে ভেরিফিকেশন ব্যবস্থা ও ডিজিটাল মার্কেটপ্লেসের মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত জিজি এর আগে নাইজেরিয়া, কেনিয়া ও ঘানায় ওএলএক্সের ব্যবসা এবং ঘানার টনাটন অধিগ্রহণ করে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিক্রয় ডটকমের সঙ্গে জিজির এই একীভূতকরণ দেশের ডিজিটাল কমার্স খাতে নতুন প্রতিযোগিতা ও পরিবর্তনের সূচনা করবে।



