ডিজিটাল পাস ও যাচাই ব্যবস্থা বাধ্যতামূলক
সচিবালয়ে ওটিপি ছাড়া দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
- ওটিপি যাচাই ছাড়া সচিবালয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- অনুমোদনহীন প্রবেশ রোধ করে নিরাপত্তা ও দাপ্তরিক পরিবেশ নিশ্চিতের উদ্যোগ
- দর্শনার্থীদের পরিচয় ডিজিটাল কোডে রূপান্তর ও স্বয়ংক্রিয় পাস যাচাই বাধ্যতামূলক
তথ্যপ্রযুক্তিভিত্তিক ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল ও পরিচয় সনাক্তকরণ নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয়ে ওটিপি (ওয়ান টাইপ পাসওয়ার্ড) যাচাইকরণ ব্যতীত যেকোনো দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩০ সেপ্টেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিশেষ নিরাপত্তা প্রজ্ঞাপনে এই কড়া নির্দেশনা জারি করা হয়। জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তোফায়েল হোসেন এই আদেশে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে যথাযথ অনুমোদন বা ডিজিটালি যাচাইকৃত প্রবেশ পাস ছাড়াই সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এ ধরনের অনুমোদনহীন প্রবেশ দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্রের সার্বিক ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি সৃষ্টি করে এবং প্রতিদিনের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমকে বিঘ্নিত করতে পারে।
নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয় করতে জারি করা এ নির্দেশে বলা হয়, সচিবালয়ে আগমনকারী প্রতিটি দর্শনার্থীকে গেটে প্রবেশের পূর্বে সিস্টেমে প্রেরিত এককালীন পাসওয়ার্ড বা ওটিপি শতভাগ সফলভাবে যাচাই করার পরেই কেবল প্রবেশের অনুমতি প্রদান করতে হবে।
//ডিবিটেক/ডিপিও/এসএমই/এমপিএস//





