পারমাণবিক বিদ্যুতের গ্রিড সংযোগের প্রস্তুতি
রূপপুরে চলতি সপ্তাহেই গ্রিডে আসতে পারে পরমাণু বিদ্যুৎ
- প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে
- নভেম্বরেই ৩০০ মেগাওয়াট সরবরাহের সম্ভাবনা রয়েছে
- পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে লাগবে আরও পাঁচ থেকে ছয় মাস
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারিক যাত্রা শুরু হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সব কারিগরি পরীক্ষা সফল হলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন মিললে নভেম্বরেই প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা কিংবা আকস্মিক সংকট দেখা না দিলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
সূত্রমতে, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের কাজ সফলভাবে এগোচ্ছে। একই সঙ্গে বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নভেম্বরেই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোনো ত্রুটি রয়েছে কি না, তা নিশ্চিত করা হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী পর্যায়ে বায়েরার অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। তিনি জানান, পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সবকিছু ঠিকমতো চলছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। কোনো সমস্যা নেই—এটি নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে বলে জানান মাহমুদুল হাসান। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনো নিশ্চিত করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে এবং উৎপাদিত সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। উভয় ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
//ডিবিটেক/আইএইচ/ডিআরই/এফওইডি//





