সিরাজদিখানে ৩০৮ একরে প্রস্তুত ১৫৩১ প্লট; সাভারের পুনরাবৃত্তি এড়াতে ইটিপিতে সর্বোচ্চ গুরুত্ব
মুন্সিগঞ্জে যাচ্ছে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন: ১,৪৫৪ কোটি টাকায় নির্মিত হচ্ছে আধুনিক পার্ক
- পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা সরাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১,৪৫৪ কোটি ৮০ লাখ টাকায় গড়ে উঠছে অত্যাধুনিক কেমিক্যাল পার্ক
- ৩০৮.৩৩ একর জমিতে প্রস্তুত হচ্ছে ১,৫৩১টি শিল্প প্লট; প্রকল্পের ৮৩ শতাংশ কাজ শেষ, ২০২৭ সালের জুনে হবে পূর্ণ হস্তান্তর
- চামড়া শিল্পের তিক্ত অভিজ্ঞতা এড়িয়ে কারখানা চালুর প্রথম দিন থেকেই কার্যকর বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নিশ্চিতের নির্দেশ শিল্পমন্ত্রীর
পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতে পুরান ঢাকার সব রাসায়নিক গোডাউন ও কারখানা মুন্সিগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গাজুড়ে ১,৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক ‘কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’।
৯ নভেম্বর, সোমবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, প্রকল্পটির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে সার্বিক অবকাঠামোর ৮৩ শতাংশ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ করে কারখানা মালিকদের কাছে প্লট বুঝিয়ে দেওয়া হবে। এই পার্কে রাসায়নিক ব্যবসায়ীদের জন্য সর্বমোট ১,৫৩১টি সুপরিকল্পিত শিল্প প্লট বরাদ্দ রাখা হয়েছে।
পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন অপসারণ নির্বিঘ্ন করতে সব পক্ষের সমন্বয়ের ওপর জোর দিয়ে শিল্পমন্ত্রী বলেন, "অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে। সাভারের চামড়া শিল্পনগরী স্থানান্তরের সময় যে ধরনের প্রশাসনিক ও কারিগরি জটিলতা তৈরি হয়েছিল, তার কোনো পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।" তিনি স্পষ্ট করেন যে, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি (ETP)-সংক্রান্ত চূড়ান্ত রূপরেখা ছাড়া কোনো কারখানার কার্যক্রম শুরু করতে দেওয়া হবে না। উৎপাদন শুরুর প্রথম দিন থেকেই যাতে পরিবেশসম্মত বর্জ্য পরিশোধন নিশ্চিত থাকে, সে বিষয়ে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প সচিব আব্দুন নাসের খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ। এছাড়া বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেইন্টস, ডাইজ অ্যান্ড কেমিক্যালস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা এতে বক্তব্য দেন।
উল্লেখ্য, সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোটা ও কামারকান্দা মৌজায় পরিবেশবান্ধব আধুনিক ড্রেনেজ, নিরবচ্ছিন্ন ইউটিলিটি এবং অগ্নিনির্বাপণ সুবিধাসম্পন্ন এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। সরকারের এই উদ্যোগ পুরান ঢাকাকে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে মুক্ত করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান কেমিক্যাল শিল্পের টেকসই ও নিরাপদ বিকাশকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে।
//ডিবিটেক/ এমএএইচ/ এসএমপি/এমভিএনও//





