নিপ্পন এআই দোজোর চূড়ান্ত উপস্থাপনা
এআই ও সেমিকন্ডাক্টরে নীতিগত সহায়তার আশ্বাস
- উদীয়মান প্রযুক্তি, এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণায় নীতিগত সহায়তার বার্তা
- স্থানীয় চ্যালেঞ্জ বিবেচনায় বাংলা ডেটাসেট ও এআই প্ল্যাটফর্ম তৈরির আহ্বান
- নিপ্পন এআই দোজো ২০২৬ প্রতিযোগিতায় ইউএপি বিজয়ী এবং সনদ বিতরণ অনুষ্ঠিত
চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিতে স্বাবলম্বিতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্সসহ উদীয়মান প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবন এগিয়ে নিতে তরুণ প্রযুক্তিবিদদের নীতিগত সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে আয়োজিত 'নিপ্পন এআই দোজো ২০২৬'-এর চূড়ান্ত প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দেশের বাস্তব চাহিদা অনুযায়ী স্থানীয় অ্যালগরিদম ও ডেটাসেট উদ্ভাবনে তরুণ গবেষকদের গভীর মনোযোগের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিংসহ অর্থনীতির মূল খাতগুলোতে এআই পরিবর্তন আনছে। তবে দেশে বিদ্যুত সরবরাহ, জিপিইউ (GPU) ব্যবহারের সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের ঘাটতির মতো স্থানীয় কারিগরি অবকাঠামোগত চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে উপযুক্ত পথনকশা তৈরি করতে হবে প্রযুক্তি বিশেষজ্ঞদেরই।
ইউএপি, জাপানের শোয়া গিকেন করপোরেশন (CHOWA GIKEN Corporation) এবং এআই সামুরাই জাপান (AI SAMURAI JAPAN)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি এবং সভাপতিত্ব করেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী। অনুষ্ঠানে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউএপির প্রশিক্ষণার্থীরা এআইয়ের ব্যবহারিক প্রয়োগ ও প্রযুক্তি সমস্যার উদ্ভাবনী সমাধান সংবলিত প্রকল্প উপস্থাপন করেন। আয়োজিত প্রতিযোগিতায় ইউএপির একটি দল বিজয়ী হয় এবং সফল সম্পন্নকারীদের মাঝে সনদ ও বিশেষ সম্মাননা বিতরণ করা হয়।
//ডিবিটেক/এসএইচপি/এসএমই/বিএসটি//





