বিআইআইএসএস ও ফুডান ইউনিভার্সিটির যৌথ প্রশিক্ষণ সমাপনীতে ৩৭ শিক্ষার্থীকে সনদ প্রদান; চীন-বাংলাদেশ বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
এআই ও ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা চান জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্স খাতে চীনের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং দ্বৈত ডিগ্রি চালুর আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ৬ আগস্ট, বৃহস্পতিবার ঢাকায় বিআইআইএসএস ও ফুডান ইউনিভার্সিটির যৌথ আয়োজনে চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ঢাকা, ৬ আগস্ট ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সের মতো উদীয়মান খাতে চীনের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে তিনি দু'দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র, শিক্ষক বিনিময় কর্মসূচি, দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম এবং যৌথ নীতি গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার বিআইআইএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জয়েন্ট ট্রেইনিং প্রোগ্রাম ২০২৬ অন দ্য কমপ্যারেটিভ ফোরাম’-এর প্রশিক্ষণ শেষে ৩৭ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেন উপদেষ্টা। বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং চীনের ফুডান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স যৌথভাবে এই চার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে গড়ে ওঠা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক 'কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ'-এ রূপান্তরিত হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে ২৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে এবং অবকাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ঝাং পিং বিআইআইএসএসের আতিথেয়তার প্রশংসা করে জানান, উদ্বোধনী অধিবেশনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সহযোগিতার পথ সুগম করবে। বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান উল্লেখ করেন, এই ফোরামটি একাডেমিক সংলাপ ও নীতি-বিষয়ক মতবিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ফুডান ইউনিভার্সিটি ও বিআইআইএসএসের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী এই কর্মসূচিতে সুশাসনের আধুনিকায়ন, দারিদ্র্য বিমোচন, ডিজিটাল শাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও শিল্পায়ন নিয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়।
//ডিবিটেক/ এএমপি/এমএসআই//





