চবিতে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক, পুলিশে সোপর্দ
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তথ্য আদান প্রদান ও সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও পামবাগান সড়কের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান। তিনি […] The post চবিতে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক, পুলিশে সোপর্দ first appeared on Sarabangla | Breaking News

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তথ্য আদান প্রদান ও সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও পামবাগান সড়কের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটকের পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের পর ওই শিক্ষার্থীর মোবাইল ফোনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন শিবির ও চাকসু নেতারা।
তাদের দাবি, ওই শিক্ষার্থী ছাত্রলীগের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন। গ্রুপটিতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনানসহ চবি শাখার সাবেক শতাধিক নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হতো।
তবে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে ওই শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় ছিল। তার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেন। পরে সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম তাকে কিছু পোস্টার বিতরণের জন্য দিলেও নিজের ক্ষতির আশঙ্কায় তিনি সেগুলো বিতরণ করেননি। মিছিলে অংশ নেওয়ার পর তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত করা হয় বলে জানিয়েছেন।
এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, রাতে কিছু শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার সময় ওই শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে তার ওপর নজর রাখেন। পরে সে ক্যাম্পাসে শিবিরের টহল চলছে এমন একটি বার্তা পাঠালে সন্দেহ আরও বাড়ে। এরপর তাকে নিরাপত্তা দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার ফোনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার স্বীকারোক্তি পাওয়া গেলে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
The post চবিতে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক, পুলিশে সোপর্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





