স্বাস্থ্য খাতে প্রযুক্তিনির্ভর নতুন রূপরেখা বাস্তবায়নের ঘোষণা সরকারের
ডিজিটাল স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ই-কার্ড
- দেশের স্বাস্থ্য সেবা আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রেসক্রিপশন চালু করা হচ্ছে।
- স্বাস্থ্যব্যবস্থার আমূল সংস্কারে এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে ডিজিটাল রোডম্যাপ বাস্তবায়নে কাজ চলছে।
- সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ
দেশের স্বাস্থ্য সেবাকে আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশন চালুর মাধ্যমে নতুন রূপরেখা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার আমূল সংস্কারে ডিজিটাল রোডম্যাপ বাস্তবায়নে কাজ চলছে। ই-হেলথ কার্ড এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে।
১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এসব কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করা, স্বাস্থ্য সেবার প্রতিটি ধাপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। স্বাস্থ্য খাতের এই রূপান্তর হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। গত দেড় থেকে দুই বছর ধরে দেশের ভেতরে ও বাইরে থাকা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ শীর্ষক নীতিপত্রেও এসব উদ্যোগের প্রতিফলন রয়েছে।”
প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে স্বাস্থ্য সেবার ধরনও দ্রুত বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবার জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং একাডেমিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” সেমিনারে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মোহাম্মদ এনামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ আরবিও/এসএমই//





