মোবাইল টাওয়ার ও ইন্টারনেট ছাড়াই কাজ করবে ‘আল্ট্রালিংক’ ফিচার
নেটওয়ার্ক ছাড়া ১.৫ কিমি পর্যন্ত যোগাযোগের প্রযুক্তি আনল ইনফিনিক্স
- মোবাইল নেটওয়ার্ক ও সিম কার্ড ছাড়াই সরাসরি ফোন-টু-ফোন কানেকশন
- সর্বোচ্চ ১.৫ কিলোমিটার পর্যন্ত কল, টেক্সট ও ছবি আদান-প্রদান
- হট ৭০ সিরিজ, নোট ৬০ সিরিজ এবং স্মার্ট ২০ ডিভাইসে মিলবে এই প্রযুক্তি
ঢাকা, সোমবার (২৮ সেপ্টেম্বর): কোনো প্রকার মোবাইল টাওয়ার, সিম সিগন্যাল বা মোবাইল ডেটা সংযোগ ছাড়াই সরাসরি ফোন-টু-ফোন যোগাযোগের অভিনব প্রযুক্তি ‘আল্ট্রালিংক’ (UltraLink) উন্মোচন করেছে তরুণদের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ট্র্যাকিং, দুর্গম এলাকায় ভ্রমণ বা দুর্বল নেটওয়ার্কের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধা দিতেই এ প্রযুক্তিটি আনা হয়েছে।
ইনফিনিক্সের অভ্যন্তরীণ ল্যাব টেস্ট অনুযায়ী, নতুন ‘ইনফিনিক্স হট ৭০ প্রফাইভজি’ (HOT 70 Pro 5G) ডিভাইসটি কোনো বাধা ছাড়া খোলা পরিবেশে ডিভাইস-টু-ডিভাইস সর্বোচ্চ ১.৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আল্ট্রালিংক রেঞ্জ অর্জন করতে সক্ষম হয়েছে। তবে আশেপাশের পরিবেশ ও ভৌগোলিক অবস্থার ওপর ভিত্তি করে এই রেঞ্জে তারতম্য হতে পারে।
প্রথাগত সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা যখন মিলিয়ে যায় বা পাওয়া যায় না, তখনো আল্ট্রালিংক প্রযুক্তির মাধ্যমে সমর্থিত দুটি ডিভাইসের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব। শুধু ভয়েস কলই নয়, এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ডাটা সংযোগ ছাড়াই সরাসরি ছবি আদান-প্রদান এবং টেক্সট মেসেজও পাঠাতে পারবেন। এর ফলে ট্র্যাকার, পর্যটক বা বন্ধুদের আড্ডায় মোবাইল কভারেজ না থাকলেও নিশ্চিন্তে যোগাযোগ বজায় রাখা যাবে।
চিরাচরিত স্মার্টফোন উদ্ভাবনে সাধারণত প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে বা ব্যাটারির ওপর জোর দেওয়া হলেও ইনফিনিক্স ফোনের অন্যতম মৌলিক কাজ—অর্থাৎ 'যোগাযোগ ধরে রাখা' বিষয়টির ওপর নজর দিয়ে এই সমাধান তৈরি করেছে। আল্ট্রালিংক ফিচারটি ইনফিনিক্সের হট ৭০ সিরিজ, নোট ৬০ সিরিজ এবং স্মার্ট ২০ রেঞ্জের ডিভাইসে পাওয়া যাবে।
//ডিবিটেক/আইএইচএম/বিএমআরকে/এমএসআই//





