উপ-সহকারী প্রকৌশলী পদে সংশোধন দাবি
জাবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আইডিইবির আপত্তি
- উপ-সহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট করার দাবি
- নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে পুনঃপ্রকাশের আহ্বান আইডিইবির
- আট লাখ প্রকৌশলী ও চার লাখ শিক্ষার্থী ক্ষুব্ধ বলে দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিয়োগ বিজ্ঞপ্তিতে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটি বলছে, এই পদে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত।
২৮ সেপ্টেম্বর, সোমবার ৮ লাখাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এ দাবি জানানো হয়।
আইডিইবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক।
আইডিইবি উল্লেখ করেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪, ১৯ নভেম্বর ১৯৯৪ এবং অর্থ মন্ত্রণালয়ের ৩ ডিসেম্বর ১৯৯৪ তারিখের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে সংগঠনটি বলেছে, দেশের সব দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে অভিন্ন পদবী দেওয়ার সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুসরণ না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। তাদের দাবি, অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
আইডিইবি আরও বলেছে, সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে সমগ্র প্রকৌশল অঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে।
//ডিবিটেক/এসআইআই/এমআইএস/এসএমই//





