নিরাপদ এসআরএস প্রণয়নে ১২ সদস্যের বিশেষ কমিটি

সাংবাদিকদের ইসি কার্ডে ফিরছে স্বচ্ছতা: সফটওয়্যার তৈরিতে সোমবার ইসির বৈঠক

  • সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের পরিচয়পত্র প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে নতুন সফটওয়্যার উদ্যোগ
  • নিরাপত্তা ও প্রয়োজনীয়তা পর্যালোচনায় গঠিত ১২ সদস্যের কমিটির বৈঠক আগামী সোমবার (২০ সেপ্টেম্বর)
  • তথ্য সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে আরএফইডি, তথ্য মন্ত্রণালয় ও পিআইডি কর্মকর্তাদের আমন্ত্রণ

সাংবাদিকদের ইসি কার্ডে ফিরছে স্বচ্ছতা: সফটওয়্যার তৈরিতে সোমবার ইসির বৈঠক
নির্বাচন নিয়ে ইসিতে অনুষ্ঠিত বৈঠকের ফাইল ছবি
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৫  

নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সফটওয়্যারের রূপরেখা বা 'সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন' (এসআরএস) প্রণয়নের জন্য গঠিত ১২ সদস্যের কমিটির এক জরুরি বৈঠক আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) আহ্বান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উক্ত সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর (পিআইডি) এবং ইসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোনো প্রকার পূর্ব-পরীক্ষা বা ট্রায়াল ছাড়াই তড়িঘড়ি করে অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ইসি। সে সময় প্রস্তুতকৃত ওয়েবসাইটে আবেদনের পর প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ১৪ হাজার সাংবাদিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমের তীব্র আপত্তি ও দেশব্যাপী সমালোচনার মুখে ইসি সেই অনলাইন প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হয়। বিগত দিনের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো নিরাপত্তা ঝুঁকি না রেখে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ সফটওয়্যার প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
//ডিবিটেক/বিএনও/এসএমই/এমআইসে/