প্রযুক্তিভিত্তিক দুই শিক্ষা প্রকল্পসহ ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ২,২৬৬ কোটি টাকা

একনেক ২,২৬৬ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এমইএমআইএস সাপোর্ট ও মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করা হয়েছে।

প্রযুক্তিভিত্তিক দুই শিক্ষা প্রকল্পসহ ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ২,২৬৬ কোটি টাকা
৯ জুন, ২০২৬ ১৪:২১  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিজ্ঞান, টেলিকম ও আইসিটি খাতে নতুন কোনো প্রকল্প অনুমোদিত না হলেও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রযুক্তিনির্ভর দুটি উদ্যোগসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মেয়াদ বাড়ানো দুটি প্রযুক্তিভিত্তিক প্রকল্প হলো ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (তৃতীয় সংশোধন)’ এবং ‘দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প।

তৃতীয় সংশোধনের ফলে এমইএমআইএস প্রকল্পের ব্যয় ১০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা থেকে বেড়ে ৩৮ কোটি ৭ লাখ ১৫ হাজার টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকা।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের ব্যয়ও প্রায় ২৩২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একনেকে অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন’, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৩ জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ-২’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প।

এদিকে পরিকল্পনা মন্ত্রী সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের ইতোমধ্যে অনুমোদিত ৬টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করেন। এর মধ্যে রয়েছে পৌরসভা পর্যায়ে পানি সরবরাহ ও স্যানিটেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবা সম্প্রসারণ, এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।

//ডিবিটেক/এসআই/এমআই//