চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি উদ্ভাবন ও মানবিক মূল্যবোধে জোর

যবিপ্রবিতে সাড়ম্বরে শেষ হলো আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’

  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘RAAICON 2026’  এর সফল সমাপ্তি
  • ১৪টি দেশের গবেষক, ৩২টি উপস্থাপক দল এবং ৬ জন খ্যাতনামা কি-নোট স্পিকার সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন
  • প্রযুক্তির কেবল ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা রক্ষার তাগিদ উপ-উপাচার্যের

যবিপ্রবিতে সাড়ম্বরে শেষ হলো আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৮  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাড়ম্বরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন "RAAICON 2026" (5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things)-এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সম্মেলনটি শনিবার দুপুরে সমাপ্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন। এতে সর্বমোট ৩২টি দল তাদের গবেষণাপত্র উপস্থাপন করে এবং ৬ জন কি-নোট স্পিকার সরাসরি ও ভার্চুয়ালি স্লাইডের মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকাশক্তি। প্রযুক্তির এই অগ্রযাত্রাকে সফল করতে তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে হবে। আমাদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী হলে চলবে না, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হবে।" তিনি আরও জোর দিয়ে বলেন, প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের ক্ষেত্রে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে প্রযুক্তির প্রতিটি সুফল মানুষের কল্যাণে ও জনস্বার্থে আসে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি ইমরান খান, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম।

সমাপনী পর্ব শেষে সম্মেলনের সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয় এবং বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। বিএমই বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম ও ইইই বিভাগের প্রভাষক জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/ এনএইচজেএনইউ/বিপিও/আইএস//