শিক্ষার্থীদের নিজ উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার তাগিদ উপাচার্যের
বাকৃবিতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালন: পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার আহ্বান
- বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতামূলক আলোচনা, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
- ‘আমার ক্যাম্পাস - আমার দায়িত্ব’ প্রতিপাদ্যে পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’ এ কর্মসূচির আয়োজন করে।
- ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেবল কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার আহ্বান উপাচার্যের।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতামূলক আলোচনা, র্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কর্মসূচির শুরুতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ‘আমার ক্যাম্পাস - আমার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের করা হয় এবং পরবর্তীতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়; এর জন্য নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও যত্নশীল হতে হবে।’ তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতার জন্য শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছন্ন হয়ে উঠবে।’
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব—এই চেতনা থেকেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য কেবল একদিনের অভিযান নয়, বরং সবার মধ্যে পরিচ্ছন্নতার স্থায়িত্বশীল অভ্যাস গড়ে তোলা। সুন্দর ক্যাম্পাস গঠনে আমি সবাইকে এ স্বেচ্ছাসেবী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে জাতিসংঘ ২০ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।
//ডিবিটেক/এএইচবি/পিএমও/এসএমই//





