ই-কমার্স ও ডিজিটাল ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে ৫০ উদ্যোক্তার মতবিনিময়; পৃষ্ঠপোষকতায় জৌদ
চট্টগ্রামে নেক্সট লিডার্সের উদ্যোক্তা নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত
- চট্টগ্রামের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবীর অংশগ্রহণে নেটওয়ার্কিং সেশন
- ই-কমার্স, ডিজিটাল ব্র্যান্ডিং, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা
- অনলাইনভিত্তিক পারফিউম ব্র্যান্ড জৌদ-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর শরীফ ইবনে হাই
ডিজিটাল রূপান্তরের যুগে ব্যবসায়িক সম্প্রসারণ ও কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন ও নেটওয়ার্কিং সেশন।
২৯ আগস্ট, শনিবার চট্টগ্রামের দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে অনলাইনভিত্তিক ডিজিটাল বিজনেস ও সার্ভিস প্ল্যাটফর্ম ‘নেক্সট লিডার্স’-এর উদ্যোগে দিনব্যাপী ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ অনুষ্ঠিত হয়। আয়োজনটির পৃষ্ঠপোষকতা করে অনলাইনভিত্তিক অ্যারাবিয়ান পারফিউম ও আতর ব্র্যান্ড ‘জৌদ’ (JOUD)।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), ই-কমার্স, ডিজিটাল এজেন্সি উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার, পরিচালক এবং বিপণন ও ব্যবসায় উন্নয়ন খাতে কর্মরত প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। সেশনে পরিবর্তনশীল ডিজিটাল বাজারে ব্যবসা পরিচালনা, কার্যকর সেলস ও মার্কেটিং কৌশল, ডিজিটাল ব্র্যান্ডিং, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং সম্ভাব্য যৌথ অংশীদারিত্বের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। দুই দশকেরও বেশি সময় ধরে ই-কমার্স, বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং খাতে অভিজ্ঞ এই উদ্যোক্তা অংশগ্রহণকারীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উদ্ভাবনী কোলাবোরেশনের আহ্বান জানান।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জৌদ-এর প্রতিনিধিরা জানান, স্থানীয় উদ্যোক্তা ও অংশীদারদের সঙ্গে এ ধরনের সংযোগ দেশের পারফিউম ও আতর বাজারে ব্র্যান্ডটির অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি অনলাইন ব্যবসায় নতুন দ্বার উন্মোচনে সহায়তা করবে।
আয়োজকরা জানান, প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে উদ্যোক্তাদের সংযুক্ত করতে এবং প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক মডেল প্রসারে নেক্সট লিডার্স ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
//ডিবিটেক/ আরজেআর/এনএপি//





