পাবিপ্রবিতে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন

গণতন্ত্রের প্রাণ মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

  • তথ্যের আধিক্য ও গুজবের যুগে সত্য অনুসন্ধান ও যৌক্তিক বিশ্লেষণের গুরুত্বারোপ
  • বিজ্ঞানমনস্কতা ও বিতর্ক সংস্কৃতির মেলবন্ধনে যুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার তাগিদ
  • পাস্ট ডিবেটিং সোসাইটির আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা শুরু

গণতন্ত্রের প্রাণ মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
২৮ আগষ্ট, ২০২৬ ১৩:২৫  

গণতন্ত্রের মূল প্রাণ হলো মতের বৈচিত্র্য এবং বিজ্ঞানমনস্ক চিন্তার বিকাশে তথ্যের সত্যতা যাচাই ও যুক্তিনির্ভর বিতর্ক চর্চা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। ২৮ আগস্ট, ২০২৬ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পাস্ট ডিবেটিং সোসাইটি আয়োজিত '৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, "গণতান্ত্রিক সমাজের জন্য যুক্তিবাদী বিতর্ক সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্নমত ও মতবিরোধ থাকবে, তবে তা প্রকাশের ভিত্তি হতে হবে যুক্তি, সঠিক তথ্য ও পারস্পরিক সম্মান। বর্তমান ডেটা ও প্রযুক্তির যুগে তথ্যের অভাব নেই, বরং তথ্যের আধিক্য রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য দাবি আমাদের সামনে এলেও সব তথ্য সত্য নয়। তাই গুজবের বিপরীতে তথ্য-উপাত্তের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও সঠিক অনুসন্ধানের গুরুত্ব অনেক বেড়ে গেছে।"

তিনি আরও উল্লেখ করেন, বিজ্ঞান ও বিতর্কের মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। বিজ্ঞান মানুষকে প্রশ্ন করতে, প্রমাণ খুঁজতে এবং প্রচলিত ধারণাকে ডেটার ভিত্তিতে যাচাই করতে শেখায়। বিতর্কও ঠিক একই যৌক্তিক বিশ্লেষণের পথ দেখায়। দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রশ্ন করতে জানা এবং তথ্যের সত্যতা অনুসন্ধানকারী বিজ্ঞানমনস্ক মানবিক নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এছাড়া উপস্থিত ছিলেন পাস্ট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, অনুষদ ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুর রউফ এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের বিতার্কিক, বিচারক এবং শিক্ষকবৃন্দ অংশ নেন।
//ডিবিটেক/পিটিসিও/এসএমই//