বিসিএল ও এনসিএল ফ্র্যাঞ্চাইজিতে প্রযুক্তি ব্র্যান্ডটির অংশীদারিত্বের আহ্বান

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম

  • দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন বিসিবির
  • বিসিএল ও এনসিএল টুর্নামেন্টকে ফ্র্যাঞ্চাইজি মডেলে সাজাতে প্রযুক্তি ব্র্যান্ডটির পৃষ্ঠপোষকতার প্রত্যাশা
  • ক্রীড়া প্রযুক্তির বিকাশ ও ক্রিকেটের কাঠামোগত আধুনিকায়নে ওয়ালটনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম
২৮ আগষ্ট, ২০২৬ ০০:০৪  

দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির করপোরেট অফিস পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। 

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিসিবির ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং একই বিভাগের ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানি।

পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, "ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের অত্যন্ত স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একই সঙ্গে একটি ক্রীড়াবান্ধব ব্র্যান্ড হিসেবেও ওয়ালটন ব্যাপক সুনাম অর্জন করেছে। আমার দীর্ঘ খেলোয়াড়ি জীবনে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিটি ইভেন্টে ওয়ালটনকে নিয়মিত পৃষ্ঠপোষকতা করতে দেখেছি। দেশের ক্রিকেটাঙ্গনের অগ্রযাত্রার সঙ্গে এই ব্র্যান্ড ওতপ্রোতভাবে জড়িত।"

তামিম ইকবাল আরও জানান, "আমরা বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এবং জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রতিটি ফরম্যাটকে (লঙ্গার ভার্সন, ওয়ানডে ও টি-টোয়েন্টি) বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আধুনিক কাঠামোয় ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের প্রত্যাশা, প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন সরাসরি ফ্র্যাঞ্চাইজি দল গঠনের মাধ্যমে ক্রিকেটের এই প্রযুক্তিগত ও কাঠামোগত রূপান্তরে অগ্রণী ভূমিকা রাখবে।"

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, "যেখানেই ক্রীড়াঙ্গন ও প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয় ঘটে, সেখানেই ওয়ালটন কাজ করে আসছে। গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি। বিসিবির বিসিএল ও এনসিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার আধুনিক মহাপরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।" ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও কাঠামো আধুনিকায়নে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

২৭ আগস্ট, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধিদল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
//ডিবিটেক/ পিআর/এমআইএস//